নিউজ ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মিলল হারানো পরিবারের ঠিকানা! আড়াই বছর পর স্বজনদের কাছে ফিরলেন ৪৫ বছরের মহিলা। এই অসম্ভবকে সম্ভব করল গুগল সার্চ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। মহারাষ্ট্রের এক সমাজসেবী সংগঠনের উদ্যোগে এবং ChatGPT-র সাহায্যে অবশেষে পরিবারের কাছে ফিরলেন জুলেখা মুখিদ শেখ।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের পারভানি জেলার বাসিন্দা জুলেখা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। এরপর আর পরিবারের কাছে ফেরা হয়নি তাঁর। ২০২৪ সালের ৩ এপ্রিল মুম্বইয়ের কুরলা আদালতের নির্দেশে তাঁকে সিন্ধুদুর্গ জেলার পাণ্ডুর এলাকার সনভিটা আশ্রমে রাখা হয়। সেখানেই তাঁর পরিচয় ও পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছিল।
জীবন আনন্দ সংস্থার ট্রাস্টি কিষাণ চৌরে এবং তাঁর সহযোগীরা নিয়মিত জুলেখার সঙ্গে কথা বলতে শুরু করেন। কথোপকথনের মাধ্যমে তাঁর অতীত, ঠিকানা ও নিজের এলাকা সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করেন তাঁরা। সেই সূত্র ধরেই গুগল সার্চ এবং ChatGPT-র মতো AI প্রযুক্তির সাহায্যে তাঁর আদি বাড়ির সন্ধান মেলে। এরপর পারভানির নির্ভয়া পুলিশ বাহিনীর সহযোগিতায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
আড়াই বছর পর পরিবারের সঙ্গে ফোনে কথা হয় জুলেখার। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৯ নভেম্বর সনভিটা আশ্রমে পৌঁছন তাঁর স্বামী মুখিদ শেখ। স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান তিনি। সমাজকর্মী কিষাণ চৌরের দাবি, ধৈর্য ধরে মানুষের সঙ্গে কথা বলা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার—এই দুইয়ের সমন্বয়েই সম্ভব হয়েছে জুলেখাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–কে শুধু চ্যাটিং বা বিনোদনের জন্য ব্যবহার হয় না। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) আমাদের দৈনন্দিন জীবন থেকে পড়াশোনা, কাজ এবং বিভিন্ন পরিষেবা প্রদানে নানাভাবে সাহায্য করতে পারে। যেকোনো জটিল বিষয় সহজে বোঝানো, রুটিন তৈরি এবং পরীক্ষার প্রস্তুতি নিতেও সাহায্য করে।




