নিউজ ডেস্ক: বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। প্রথমবারের মতো একই বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে চিনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে এই ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস।
১৪ নভেম্বর হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বৈঠকের কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে তিন শক্তিধর রাষ্ট্রের শীর্ষ নেতাদের একসঙ্গে আলোচনায় বসার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত বিশ্বে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনাই বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, ট্রাম্পের কাছে পরমাণু অস্ত্রের বিস্তার একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। তাই বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি তিনি আলোচনায় তুলতে চান। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে শেষ কার্যকর পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে।
ফলে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্রভাণ্ডারের উপর দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার কোনও চুক্তিগত সীমাবদ্ধতা নেই। এই পরিস্থিতিতে চিনকেও ভবিষ্যতের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার বিষয়ে আগ্রহী ওয়াশিংটন।
তবে বৈঠক থেকে এখনই কোনও চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছেন না মার্কিন প্রশাসনের আধিকারিকেরা। তাঁদের মতে, তিন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়াটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈঠকে ইরানের যুদ্ধ পরিস্থিতিও উঠে আসতে পারে। ট্রাম্প চিন ও রাশিয়ার দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক আধিকারিক।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এই ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা কম। ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে মস্কো ও কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের পৃথক কূটনৈতিক আলোচনা চলছে। সেই প্রক্রিয়ায় চিন সরাসরি যুক্ত না থাকায় বিষয়টি এই বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হচ্ছে না বলে মার্কিন সূত্রের দাবি।
এদিকে, এই বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে আমেরিকা, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতারা ইয়াল্টায় বৈঠকে বসে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে তিন শক্তিধর দেশের নেতাদের বৈঠক নিয়েও একই ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে তাদের অনুপস্থিতিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তবে এই আলোচনার মাধ্যমে অন্য কোনও দেশের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।




