হাবিবুর রহমান, ঢাকা: শ্রমিক অসন্তোষের কারণে ফের বাংলাদেশে সাভার-আশুলিয়ায় অন্তত ৪০টি বিদেশে রপ্তানিযোগ্য পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, শ্রমিকরা কাজ না করায় আজও ৫-৬টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ-এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেন শ্রমিকরা।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা আন্দোলনের পর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করলে বেলা সাড়ে ১১টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া শিল্পপুলিশ- ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও ৫-৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, 'এভাবে কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।এতে বিক্ষুব্ধ শ্রমিকরা আজ শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।




