স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন। কিন্তু অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না বৈভব সূর্যবংশী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শনিবার সৌরাষ্ট্রের কাছে পাঁচ উইকেটে হারল তাঁর নেতৃত্বাধীন বিহার। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার নজির গড়েছিলেন বৈভব। কিন্তু সেই রেকর্ডের দিনেই হার দিয়ে শুরু হল তাঁর নেতৃত্বের অধ্যায়।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এই নজির গড়েন বৈভব। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন ক্রোয়েশিয়ার জাক ভুকুসিচ। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন বিহারের এই কিশোর। প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচে বিহারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন তিনি।
তবে ব্যাট হাতে নিজের প্রথম ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি বৈভব। ১২ বলে ১৮ রান করে চেতন সাকারিয়ার বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হন তিনি। টস জিতে বিহারকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল সৌরাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে বিহার। পৃথ্বী রাজ ৩৮ রান করে কিছুটা লড়াই করেন। কিন্তু বাকিদের ব্যাটে বড় রান আসেনি। সৌরাষ্ট্রের হয়ে তিনটি করে উইকেট নেন সাকারিয়া ও প্রেরক মানকড়।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করে সৌরাষ্ট্র। ওপেনার বিশ্বরাজ জাডেজা ও হার্বিক দেশাই দলকে এগিয়ে নিয়ে যান। বিহারের হয়ে সূরজ কাশ্যপ তিনটি উইকেট তুলে নিয়ে কিছুটা লড়াই ফেরানোর চেষ্টা করেন। সৌরাষ্ট্রের পাঁচ উইকেট পড়লেও জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিহার। ২১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সৌরাষ্ট্র। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।
বিহারের হয়ে বৈভবের অধিনায়কত্বের মেয়াদ অবশ্য আপাতত সংক্ষিপ্ত। আগামী ১৯ নভেম্বর থেকে দোহায় শুরু হবে এসিসি রাইজিং স্টারস এমার্জিং প্রতিযোগিতা। ৫০ ওভারের সেই প্রতিযোগিতায় ভারত এ দলের হয়ে খেলতে যাওয়ার কথা তাঁর। তার আগে ১৬ নভেম্বর রেলওয়েজের বিরুদ্ধে পরের ম্যাচে নামবে বিহার। সেই ম্যাচে নেতৃত্বের দায়িত্বে থেকে ভাল ফল করতে চাইবেন বৈভব।
অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে হারলেও বৈভবের এই দায়িত্ব পাওয়া তাঁর দ্রুত উত্থানের পথে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক। এত কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার নজির গড়ে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন তিনি। এবার ব্যাট ও নেতৃত্ব—দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা প্রমাণের অপেক্ষা।




