নিউজ ডেস্ক: ভারত ও আফ্রিকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে একটি বিস্তৃত বাণিজ্যিক কাঠামো তৈরির প্রস্তাব দিল শিল্পমহল। দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছে। এ বার সেই সম্পর্ককে আরও সুসংহত করতে প্রয়োজন স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য বাণিজ্যিক ব্যবস্থা, মনে করছে শিল্প সংগঠন ফিকি।
শনিবার ফিকির মহাসচিব অনন্ত স্বরূপ বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ও আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩৬০ কোটি ডলারে। তাঁর কথায়, ‘ভারত-আফ্রিকার মধ্যে আরও বিস্তৃত বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলার যথেষ্ট যুক্তি রয়েছে। আরও সামগ্রিক ও পূর্বানুমানযোগ্য বাণিজ্যিক কাঠামো এই অংশীদারিত্বকে নতুন গতি দিতে পারে।’
স্বরূপের মতে, দুই অঞ্চলের অর্থনৈতিক পরিপূরকতার সুবিধা কাজে লাগিয়ে বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, বিনিয়োগের প্রবাহ উৎসাহিত করা এবং আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সরবরাহ-শৃঙ্খলকে শক্তিশালী করার দিকে নজর দেওয়া প্রয়োজন। নতুন বাণিজ্যিক বাধা দূর করা এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতেও এমন কাঠামো কার্যকর হতে পারে। ২০২৫-২৬ অর্থবর্ষে আফ্রিকায় ভারতের রফতানি ৬.২৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৫৪০ কোটি ডলার। আগের অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৪২৭০ কোটি ডলার।
এই প্রস্তাব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের আসন্ন মিশর সফরের আগে। ১৫ নভেম্বর থেকে দু’দিনের সফরে তাঁর সঙ্গে থাকছে ফিকি-সহ বিভিন্ন শিল্প সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বাণিজ্যিক দল। ভারত ও মিশরের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোই সফরের অন্যতম লক্ষ্য। ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশর সফরের পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে শিল্পমহল। ভারত ও মিশর ইতিমধ্যেই নিজেদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
ফিকির মতে, আফ্রিকা, আরব বিশ্ব এবং ইউরোপের সংযোগস্থলে মিশরের ভৌগোলিক অবস্থান ভারতীয় সংস্থাগুলির কাছে বিশেষ সুবিধার। সুয়েজ খালের মাধ্যমে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের সঙ্গে যোগাযোগ এবং উন্নতিশীল বন্দর ও পরিবহণ পরিকাঠামো উৎপাদন, সরবরাহ-শৃঙ্খল এবং বাণিজ্যের প্রসারে সহায়ক হতে পারে। আফ্রিকা, আরব ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে মিশরের বাণিজ্যিক চুক্তির নেটওয়ার্কও ভারতীয় সংস্থাগুলির সামনে নতুন সম্ভাবনা তৈরি করছে।
স্বরূপ বলেন, ‘ভারতীয় সংস্থাগুলি মিশরের অভ্যন্তরীণ বাজারে ব্যবসা, উৎপাদন ক্ষেত্রে অংশীদারিত্ব, পরিবহণ ও সরবরাহ পরিকাঠামো তৈরি এবং প্রতিবেশী বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে পারে।’ স্টার্টআপ, ফিনটেক, পরিকাঠামো, ওষুধ এবং গাড়ি শিল্পকে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে ফিকি। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে মিশরে ব্যবসার পরিবেশ আরও স্বচ্ছ ও সহজ হওয়া প্রয়োজন। বিশেষ করে অনুমোদন এবং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সরল করা এবং নীতি রূপায়ণে ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি।
এ দিকে, ভারত ও মিশরের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৬.৭ শতাংশ বেড়ে ৬৫০ কোটি ডলারে পৌঁছেছে। আগের অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৪৮০ কোটি ডলার। আগামী কয়েক বছরে বাণিজ্যের পরিমাণ ১২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে দুই দেশ। গত অর্থবর্ষে মিশরে ভারতের রফতানি ১৩.৬ শতাংশ বেড়ে ৩৯০ কোটি ডলার হয়েছে। অন্য দিকে, মিশর থেকে ভারতের আমদানি প্রায় ৯৬ শতাংশ বেড়ে ২৬০ কোটি ডলারে পৌঁছেছে। ভারত থেকে মিশরে মূলত পেট্রোলিয়ামজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, যন্ত্রপাতি, রাসায়নিক, বস্ত্র, ওষুধ এবং মহিষের মাংস রফতানি হয়। মিশর থেকে ভারত আমদানি করে পেট্রোলিয়ামজাত পণ্য, রাসায়নিক, সার, তুলো, লেবুজাতীয় ফল এবং অন্যান্য কৃষিপণ্য।




