নিউজ ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গে যুক্ত রাজনৈতিক সংগঠনের নিশানায় এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (পিএমএমএল) নামে ওই সংগঠনের অভিযোগ, তাদের ‘জঙ্গি’, ‘অবৈধ’ এবং ‘নিষিদ্ধ’ সংগঠন বলে মন্তব্য করে মানহানি করেছেন মরিয়ম। শুক্রবার তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছে দলটি। আগামী সাত দিনের মধ্যে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার, সমাজমাধ্যম থেকে সংশ্লিষ্ট পোস্ট মুছে ফেলা এবং নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
হাফিজ সইদের প্রতিষ্ঠিত জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক শাখা হিসাবেই পরিচিত পিএমএমএল। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার অন্যতম মূলচক্রী সইদ রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি। পাকিস্তানে একাধিক সন্ত্রাসবাদে অর্থ জোগানোর মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৯ সাল থেকে লাহৌরের কোট লাখপত জেলে বন্দি তিনি।
সম্প্রতি পাকিস্তানের গুজরানওয়ালার ন্যাশনাল অ্যাসেম্বলি কেন্দ্র এনএ-৭৭-এ উপনির্বাচনকে ঘিরে এই রাজনৈতিক সংঘাতের সূত্রপাত। গত ৮ নভেম্বরের ওই নির্বাচনে মরিয়মের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) আসনটি ধরে রাখে। দলের প্রার্থী রশিদ বশির ভির্ক ৪৩,৩৬৫ ভোট পান। অন্য দিকে, পিএমএমএলের প্রার্থী ইব্রাহিম গুজ্জর পান ৩০,২১৮ ভোট। তবে নির্বাচনের ফল মেনে নেয়নি পিএমএমএল। তাদের অভিযোগ, ভোটে কারচুপি হয়েছে এবং তাদের প্রার্থীই জয়ী হয়েছেন। ৫০টি ভোটকেন্দ্রে পুনর্গণনার দাবিও জানিয়েছে তারা।
এই পরিস্থিতিতে পঞ্জাবের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজমা বুখারি প্রশ্ন তুলেছিলেন, রাষ্ট্রের চোখে নিষিদ্ধ সংগঠনগুলি কী ভাবে নাম পরিবর্তন করে নির্বাচনে অংশ নিতে পারে? মরিয়মও অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নতুন নাম নিয়ে তাঁর দলের বিরুদ্ধে নির্বাচনে লড়েছে।
পিএমএমএলের সভাপতি খালিদ মাসুদ সান্ধুর হয়ে পাঠানো আইনি নোটিসে বলা হয়েছে, সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট এবং প্রকাশ্য সভায় মরিয়ম তাঁদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। নোটিসে মুখ্যমন্ত্রীকে ওই সংক্রান্ত সমস্ত পোস্ট, ভিডিয়ো, মন্তব্য এবং অন্যান্য প্রচারিত বিষয়বস্তু মুছে ফেলার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযোগ আর করবেন না বলে লিখিত প্রতিশ্রুতি এবং সংশ্লিষ্ট সমস্ত নথি ও যোগাযোগের রেকর্ড সংরক্ষণের কথাও বলা হয়েছে। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে উপযুক্ত আদালতে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
পিএমএমএলের দাবি, তারা পাকিস্তানের নির্বাচন কমিশনে নথিভুক্ত একটি বৈধ রাজনৈতিক দল। ২০২২ সাল থেকে তারা কাজ করছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনেও ‘চেয়ার’ প্রতীকে লড়েছিল তারা। সাম্প্রতিক উপনির্বাচনে তাদের প্রাপ্ত ভোটকে নিজেদের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের প্রমাণ হিসাবেও তুলে ধরেছে দলটি।
তবে এই সংগঠনকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক মহলে বিতর্ক নতুন নয়। অতীতে পাকিস্তানের শাসক শিবিরের একাংশের কাছ থেকে তাদের প্রশ্রয় পাওয়ার অভিযোগ উঠেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা সেনেটর তালাল চৌধুরী ফৈসলাবাদে পিএমএমএলের দফতরে গিয়ে তাদের কাজের প্রশংসা করেছিলেন। একই ভাবে পঞ্জাব প্রাদেশিক আইনসভার স্পিকার মালিক আহমদ খানও একটি জনসভায় হাফিজ সইদের প্রশংসা করেন। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সামরিক সংঘাতের সময় ভারতের হামলায় নিহত জামাত-উদ-দাওয়ার সদস্যদের শেষকৃত্যে পঞ্জাব সরকারের পদস্থ আধিকারিকদের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল।




