স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল না উঠতে পারলেও দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটেছে বিশ্বকাপের মঞ্চে। মহিলাদের হকি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে পঞ্চম স্থান দখল করেছে ভারত। আর সেই সাফল্যের স্বীকৃতি হিসাবে গোটা দলকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল হকি ইন্ডিয়া। আমস্টেলভিনে পঞ্চম স্থান নির্ধারণের ম্যাচে বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে সালিমা টেটের দল। ১৯৭৪ সালে প্রথম মহিলাদের বিশ্বকাপে চতুর্থ হওয়ার পর এটাই বিশ্বকাপে ভারতের সেরা ফল।
সুদূর আমস্টেলভিনে এই সাফল্যের পথটাও অবশ্য খুব একটা মসৃণ ছিল না। ৬টি ম্যাচে মাত্র একটি হার ভারতের। চিন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ড্র করেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পর জার্মানির বিরুদ্ধে পঞ্চম স্থান নির্ধারণের ম্যাচেও দেখা গিয়েছে আত্মবিশ্বাসী ভারতকে। কোচ সজর্ড মারিনের প্রশিক্ষণে এবং অধিনায়ক সালিমা টেটের নেতৃত্বে দলের এই লড়াকু মানসিকতাই শেষ পর্যন্ত এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনে ব্যর্থতা এবং পরবর্তী সময়ে এফআইএইচ প্রো লিগ থেকে অবনমনের হতাশার পর এই ফল নিঃসন্দেহে ভারতীয় মহিলা হকির ঘুরে দাঁড়ানোর বড় ইঙ্গিত।
দলের সাফল্যে উচ্ছ্বসিত হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে। তিনি বলেন, ৫২ বছর পর বিশ্বকাপে পঞ্চম হওয়া ভারতীয় মহিলা হকির জন্য ঐতিহাসিক ফল। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, লড়াইয়ের মানসিকতা এবং ধারাবাহিকতার প্রশংসা করে ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেন তিনি। দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ২ লক্ষ টাকা করে। সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং-ও দলের প্রশংসা করে জানিয়েছেন, বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে যে ভাবে ভারত লড়াই করেছে, তাতে দলের উন্নতির ছবিটা স্পষ্ট।
এ বার নজর এশিয়ান গেমসে। বিশ্বকাপের এই সাফল্যকে হাতিয়ার করেই আরও এক ধাপ এগোতে চায় ভারতীয় মহিলা হকি দল। আগের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এ বার লক্ষ্য পদকের রং বদলানো। বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চিনের মতো দলের বিরুদ্ধে পয়েন্ট আদায় এবং জার্মানিকে হারানোর আত্মবিশ্বাস নিঃসন্দেহে সেই লড়াইয়ে বাড়তি শক্তি দেবে। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ভারতীয় মহিলা হকি যে ফের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা তৈরি করছে, আমস্টেলভিনের পঞ্চম স্থান তারই বড় প্রমাণ।