শীত হোক কিংবা গরম, খুশকির সমস্যায় নাজেহাল অনেকেই। দামি শ্যাম্পু ব্যবহার, ঘন ঘন চুল ধোয়া কিংবা ঘরোয়া টোটকা—কিছুতেই যেন মিলছে না স্থায়ী সমাধান। কয়েকদিনের জন্য খুশকি কমলেও ফের ফিরে আসছে সেই সমস্যা। বিশেষজ্ঞদের মতে, খুশকিকে শুধুমাত্র অপরিচ্ছন্নতা বা মাথার ত্বকের শুষ্কতার ফল হিসেবে দেখলে ভুল হবে। এর পিছনে কাজ করতে পারে একাধিক কারণ।
মাথার ত্বকে স্বাভাবিকভাবেই বসবাস করে এক ধরনের ইস্ট বা ছত্রাকজাতীয় অণুজীব, যার নাম ম্যালাসেজিয়া। সাধারণ অবস্থায় এটি কোনও সমস্যা তৈরি করে না। কিন্তু মাথার ত্বকে অতিরিক্ত তেল, ঘাম, আর্দ্রতা এবং দূষণের প্রভাবে এই অণুজীবের বৃদ্ধি বেড়ে যেতে পারে। মাথার ত্বকের প্রাকৃতিক তেল ভেঙে এমন কিছু উপাদান তৈরি হয়, যা ত্বকে অস্বস্তি সৃষ্টি করতে পারে। এর ফলে ত্বকের কোষ দ্রুত ঝরে পড়ে এবং সাদা বা হলদেটে খুশকির আস্তরণ দেখা যায়।
কেন বারবার ফিরে আসে খুশকি?
অনেকেই খুশকির মূল কারণ দূর করার বদলে শুধু দৃশ্যমান সাদা স্তর সরানোর চেষ্টা করেন। সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুলে সাময়িকভাবে খুশকি কমতে পারে। কিন্তু মাথার ত্বকের ভিতরে যে সমস্যা রয়েছে, তা থেকে গেলে কয়েকদিনের মধ্যেই ফের দেখা দিতে পারে খুশকি। তাই শুধু শ্যাম্পু বদল করলেই সমস্যার সমাধান হয় না। নিয়মিত এবং সঠিক উপায়ে স্ক্যাল্পের যত্ন নেওয়া জরুরি।
তৈলাক্ত ও শুষ্ক খুশকির মধ্যে পার্থক্য
খুশকি সাধারণত দুই ধরনের হতে পারে। তৈলাক্ত খুশকির ক্ষেত্রে মাথার ত্বকে হলদেটে বা সাদাটে আঠালো স্তর তৈরি হয়। অনেক সময় চুল ধোয়ার এক-দু’দিনের মধ্যেই স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়। চুলকানি এবং লালচে ভাবও দেখা দিতে পারে।
অন্যদিকে, শুষ্ক খুশকি দেখতে অনেকটা সাদা গুঁড়োর মতো। মাথার ত্বক টানটান বা শুষ্ক মনে হয়। চুল আঁচড়ালে কিংবা মাথা চুলকালে কাঁধে সাদা গুঁড়োর মতো খুশকি ঝরে পড়ে। শীতের আবহাওয়া, অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার কিংবা কড়া রাসায়নিকযুক্ত প্রসাধনী এই সমস্যা বাড়াতে পারে।
খুশকি নিয়ন্ত্রণে কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, খুশকি নিয়ন্ত্রণে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুর উপাদানের দিকে নজর দেওয়া প্রয়োজন। পাইরোকটোন ওলামিন-এর মতো অ্যান্টিফাঙ্গাল উপাদান ম্যালাসেজিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে খুশকি কমে গেলেই চিকিৎসা বা নির্দিষ্ট যত্ন বন্ধ করে দেওয়া ঠিক নয়। নিয়ম মেনে ব্যবহার না করলে সমস্যা আবার ফিরে আসতে পারে।
পাশাপাশি কয়েকটি অভ্যাস বদলানোও জরুরি। অতিরিক্ত ঘাম হলে মাথার ত্বক পরিষ্কার রাখা, নিয়মিত হেলমেট ও টুপি পরিষ্কার করা, ভেজা চুল দীর্ঘক্ষণ বেঁধে না রাখা এবং স্ক্যাল্পে অতিরিক্ত তেল বা প্রসাধনীর আস্তরণ জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মানসিক চাপ নিয়ন্ত্রণেও নজর দেওয়া প্রয়োজন।
অর্থাৎ, খুশকি দূর করতে শুধু চুল পরিষ্কার রাখাই যথেষ্ট নয়। মাথার ত্বকের ধরন বুঝে সঠিক পরিচর্যা এবং নিয়মিত যত্নই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায়। দীর্ঘদিন সমস্যা থাকলে বা মাথার ত্বকে প্রদাহ ও ক্ষত দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।




