নিউজ ডেস্ক: সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। শহর থেকে গ্রাম, বারোয়ারি থেকে বনেদি বাড়ি- দুর্গাপুজোর প্রস্তুতিতে এখন ব্যস্ত বাংলা। তার মধ্যেই রাজনীতির পরিচিত মঞ্চ ছেড়ে একেবারে অন্য ভূমিকায় ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী পরনে ধুতি-পাঞ্জাবি। দেবী পক্ষের সূচনায় অর্থাৎ কাল মুক্তি পেতে চলেছে কৌস্তভের দ্বিতীয় গান। কখনও ব্যারাকপুরের শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের সামনে, কখনও গঙ্গার ঘাটে, আবার কখনও নৌকার উপর। ক্যামেরার সামনে এবার শিল্পী কৌস্তুভ।
দুর্গাপুজো উপলক্ষে মা দুর্গাকে নিয়ে দু'টি গান ইতিমধ্যেই রেকর্ড করেছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। সুর দিয়েছেন সংগীতশিল্পী সৌম্য বসু। সেই গানেরই ভিডিও শ্যুটে ব্যস্ত দেখা গেল তাঁকে। একটি গানের ভিডিওর শ্যুট হয়েছে অন্নপূর্ণা মন্দিরে। অন্য গানের দৃশ্য রেকর্ড করা হয়েছে নৌকায় এবং গঙ্গার ঘাটে। দুই ভিডিওতেই অভিনয় করেছেন কৌস্তুভ নিজেই এবং দেবী পক্ষের সূচনায় অর্থাৎ কালই মুক্তি পাবে তার দ্বিতীয় গানের ভিডিও।
আইনজীবী কৌস্তুভ সারা বছর রাজনীতি, আদালত এবং নিজের বিধানসভা কেন্দ্রের নানা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এবার দুর্গাপুজোর আগে সেই ব্যস্ততার মাঝেই সামনে এল তাঁর অন্য পরিচয়, গানের মাধ্যমে। মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা অবশ্য তাঁর নতুন নয়। আগেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে গান গাইতে দেখা গিয়েছে। কিন্তু এ বার নিজের কণ্ঠে পুজোর গান এবং সেই গানের ভিডিওতে অভিনয়- দুই ভূমিকাতেই পাওয়া গেল তাঁকে।
কী ভাবে এই গানের যাত্রা শুরু হয়েছিল? কৌস্তুভের কথায়, বিধায়ক হওয়ার পর ব্যারাকপুরের একটি মঞ্চে গান গাইতে শুনেছিলেন সৌম্য বসু। তারপরই আলাপ। পরে পুজোর গানে তাঁকে গান গাইবার জন্য প্রস্তাব দেন সৌম্য । সেই প্রস্তাবে রাজিও হয়ে যান কৌস্তুভ । তাঁর কথায়, গান তাঁর কাছে শুধুই কোনও অনুষ্ঠানের বিষয় নয়, ব্যক্তিগত ভালবাসার জায়গাও বটে। গান শুনতে যেমন ভালোবাসেন, তেমনই সুযোগ পেলেই গান করেন। রাজনীতির ব্যস্ততার মধ্যেও গান তাঁকে অন্য রকম আনন্দ দেয়। কৌস্তুভের কথায় , "আমি গান গাইতে চিরকালই খুব ভালোবাসি। বিভিন্ন মঞ্চেও গেয়েছি। রাজনীতির পাশাপাশি গান আমার খুব প্রিয়। গান আমায় আনন্দ দেয়।" তাঁর আরও বক্তব্য, "আমি গান ভালোবাসি, গান শুনতে ভালবাসি। এক কথায়, আমি সুরের মধ্যে থাকতে ভালবাসি। বেসুরো কোনও কিছুই আমার পছন্দ নয় ।”
প্রথমে অবশ্য গানের ভিডিওতে অভিনয় করার প্রস্তাবে খুব একটা আগ্রহী ছিলেন না কৌস্তুভ। পরে সৌম্য বসুর অনুরোধে রাজি হন। সেই থেকেই শুরু ভিডিও শ্যুটের প্রস্তুতি। একটি গান ইতিমধ্যেই বিভিন্ন সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। অন্য গানটি মহালয়ার দিন অর্থাৎ কাল প্রকাশ পেতে চলেছে। রাজনীতির মঞ্চে প্রতিদিনের ব্যস্ততা, বক্তব্য, কর্মসূচি আর রাজনৈতিক চাপানতোরের বাইরে দুর্গাপুজোর আগে তাই কৌস্তুভের হাতে মাইক্রোফোন, সামনে ক্যামেরা, অ্যাম্পলিফায়ারে ফ্লুট। এবার ব্যারাকপুরের বিধায়ক দুর্গার গান গাইব। আবার সেই গানের ভিডিওতে অভিনয়ও করবে। পুজোর উৎসবে কৌস্তভের এই ভিন্ন পরিচয় কতটা নজর কাড়ে, এখন সেটাই দেখার।
