নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে সোনিয়া গান্ধীকে ‘আমার নেত্রী’ এবং রাহুল গান্ধীকে ‘তরুণ নেতা’ বলে সম্বোধন করে বিরোধী জোটের ঐক্যের বার্তা দেন তিনি। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর ডাকও শোনা যায় তাঁর কণ্ঠে।
মমতা বলেন, “আমরা এই ঘটনা মেনে নেব না। আমরা লড়াই চালিয়ে যাব। ওরা আমাদের বাংলা লুঠ করেছে। দিল্লিতে আমরা গণতন্ত্র রক্ষা করব।” এরপরই বিজেপিকে নিশানা করে তাঁর স্লোগান, “বিজেপি যাবে, যাবে, যাবে।”
বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র লুঠের অভিযোগ তুলে মমতার দাবি, বিরোধীরা নির্বাচনে হারেনি, বরং তাদের হারিয়ে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে।” বাংলার মহিলাদের সম্মানহানির অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি মন্দির ও মসজিদের জন্য বরাদ্দ অর্থ লুঠের অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করেন।
এর পাশাপাশি ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “আপনি কবে ভ্যানিশ হবেন?” বিজেপির বিরুদ্ধে তাঁর আরও একটি স্লোগান ছিল, “BJP Ka Saath, Sabka Sarvanash।” অর্থাৎ বিজেপির সঙ্গে থাকলে সকলের সর্বনাশ হবে বলে দাবি করেন তিনি।
বক্তব্যের শেষ পর্বে Gen Z এবং CJP-র প্রতিও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান মমতা। তাঁর বক্তব্যে স্পষ্ট, ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণতন্ত্র রক্ষার প্রশ্নকে সামনে রেখেই INDIA জোটের আন্দোলনকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যেতে চাইছে বিরোধীরা।
রামলীলা ময়দানের এই সমাবেশে সোনিয়া ও রাহুলকে বিশেষভাবে উল্লেখ করে মমতার বক্তব্য বিরোধী শিবিরের রাজনৈতিক ঐক্যের বার্তাও বহন করেছে।
তবে বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বক্তব্য ও দাবি।




