নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ ঘিরে বিরোধী শিবিরের তৎপরতা তুঙ্গে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ভোটাধিকার রক্ষা এবং দেশের ভবিষ্যৎ বদলের ডাক দিয়ে তাঁর পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ এবং ‘দিল্লি, ১ নভেম্বর ২০২৬’ হ্যাশট্যাগ ব্যবহার করেন অখিলেশ। তাঁর বার্তা, ‘‘আজ প্রত্যেক মানুষের গণনা নিশ্চিত হলেই আগামীকাল আরও ভালো ভবিষ্যতের জন্য সম্পূর্ণ এবং অভূতপূর্ব পরিবর্তন সম্ভব হবে।’’
অখিলেশের এই মন্তব্যে মূলত প্রত্যেক নাগরিকের ভোটাধিকার এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সমান অংশগ্রহণের গুরুত্ব উঠে এসেছে। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রতিবাদের আবহেই এই বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান।
উল্লেখ্য, রবিবার দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের ‘চলো দিল্লি’ মহাসমাবেশে যোগ দিয়েছেন বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা। ভোটার তালিকা সংশোধন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
এই পরিস্থিতিতে অখিলেশের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ বার্তা বিরোধী জোটের কর্মসূচির রাজনৈতিক অবস্থানকেই সামনে নিয়ে এসেছে।




