স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, শেষ দুই ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। তারপরই একটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চার বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল ভুবনেশ্বর কুমারের। কিন্তু প্রত্যাবর্তনের সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিজ্ঞ পেসার। পাঁচ ম্যাচের সিরিজে চারটি ম্যাচ খেলে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি। খরচ করেছেন ১৮০ রান। ভুবনেশ্বরের এই পারফরম্যান্সের পর তাঁকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার তথা বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে, এই সিরিজে ভুবনেশ্বরকে খেলিয়ে নির্বাচকরা ভুল করেছেন। বরং কোনও তরুণ পেসারকে সুযোগ দেওয়া উচিত ছিল।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োয় ইরফান বলেন, ‘আমার মতে, নির্বাচকরা কোথায় ভুল করেছেন? এই সিরিজে ভুবনেশ্বর কুমারকে খেলিয়ে তাঁরা ভুল করেছেন। ভুবনেশ্বর যে ভাল বোলার, অভিজ্ঞ ক্রিকেটার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন এখনই হচ্ছে না, তখন তাঁকে এই সিরিজে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই। যদি তাঁকে পরবর্তী একদিনের বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলে নেওয়া হত, তা হলে সিদ্ধান্তের যুক্তি থাকত।’
ইরফানের আপত্তি অবশ্য শুধু ভুবনেশ্বরের পারফরম্যান্স নিয়ে নয়। তাঁর মূল বক্তব্য, একজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দিতে গিয়ে ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা তরুণ পেসারদের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। নিউজিল্যান্ডের মতো পরিবেশে খেলার অভিজ্ঞতা তরুণ বোলারদের ভবিষ্যতে অনেক সাহায্য করতে পারত বলে মনে করেন তিনি। ইরফান আরও বলেন, ‘ভুবনেশ্বরকে এই সিরিজে দলে নেওয়ার ফলে তরুণ পেসারদের সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা নষ্ট হয়েছে। তাঁর জায়গায় কোনও একজন তরুণ পেসার খেলতে পারত এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জন করতে পারত। ময়াঙ্ক যাদবকে সব ম্যাচে খেলানো যেত। প্রিন্স যাদবও সুযোগ পেতে পারত।
নিউজিল্যান্ডের মাটিতে তরুণ পেসারদের ভাল অভিজ্ঞতা অর্জনের একটা মূল্যবান সুযোগ হাতছাড়া হয়েছে।’ তবে ভুবনেশ্বরের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তুলতে চাননি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। তাঁর মতে, কয়েকটি ক্ষেত্রে ভাগ্যও ভুবনেশ্বরের সঙ্গে ছিল না। বিশেষ করে শেষ ম্যাচে প্রথম দিকে ভাল বল করলেও পরে রান দিয়ে ফেলেন তিনি। এমন ঘটনা যে কোনও বোলারের সঙ্গেই ঘটতে পারে বলে মনে করেন ইরফান।তিনি বলেন, ‘আমি এটা বলছি না যে ভুবনেশ্বর ভাল বল করেননি বা তিনি ভাল বোলার নন। বিষয়টা তেমন নয়। শেষ ম্যাচে ও কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছে। প্রথম দু’ওভার ভাল বল করেছিল। কিন্তু পাওয়ার প্লে-র শেষ ওভারে রান দিয়ে ফেলে। যে কোনও ক্রিকেটারের সঙ্গেই এমন হতে পারে। ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই।’
ইরফানের মতে, আসল প্রশ্নটা ভুবনেশ্বরের সামর্থ্য নিয়ে নয়, তাঁকে দলে ফেরানোর সময় নিয়ে। তিনি বলেন, ‘প্রশ্নটা অবশ্যই সঠিক সময় নির্বাচন নিয়ে। ভুবনেশ্বরের পরিবর্তে কোনও তরুণ পেসারকে এই সিরিজে সুযোগ দেওয়া কি বেশি ভাল হত? আমার মনে হয়, সেটাই করা উচিত ছিল। নতুন পেসারদের তৈরি করতে হলে তাঁদের সুযোগ দিতে হবে। এমন পিচে খেলতে দিতে হবে, যেখানে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ৪৯ রান দিয়েছিলেন ভুবনেশ্বর। দ্বিতীয় ম্যাচে ড্যারিল মিচেলকে আউট করে সিরিজের একমাত্র উইকেটটি পান তিনি। সেই ম্যাচেও চার ওভারে ৫০ রান খরচ করেন। তৃতীয় ম্যাচে ৪০ রান দেন। চতুর্থ ম্যাচে তাঁকে খেলানো হয়নি। শেষ ম্যাচে আবার ফিরে চার ওভারে ৪১ রান দেন, কিন্তু কোনও উইকেট পাননি।




