স্পোর্টস ডেস্ক: হার্দিক পান্ডিয়াকে নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে দলে নিতে আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। তবে এই ট্রেডের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এক তরুণ ক্রিকেটারকে ছাড়তে কেকেআরের অনীহা। সূত্রের খবর, হার্দিকের বিনিময়ে মুম্বইয়ের কাছে দুই ক্রিকেটারের দাবি রয়েছে কেকেআরের। কিন্তু সেই প্রস্তাবে এখনও চূড়ান্ত সম্মতি মেলেনি।
কেকেআরের নেতৃত্বের জায়গায় শূন্যতা তৈরি হয়েছে অজিঙ্ক রাহানের অবসরের পর। সেই জায়গায় অভিজ্ঞ কাউকে দায়িত্ব দিতে চাইছে কলকাতার দল। হার্দিককে সেই পদের উপযুক্ত বলেই মনে করা হচ্ছে। আইপিএলে অধিনায়ক হিসাবে তাঁর অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালে গুজরাট টাইটান্সকে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। পরের বছর দলকে ফাইনালেও তুলেছিলেন। ফলে নেতৃত্বের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে হার্দিকের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই।
তবে হার্দিককে দলে নেওয়ার ক্ষেত্রে তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে চিন্তায় রয়েছে কেকেআর। গত আইপিএলের পর থেকে তিনি মাঠে নামেননি। চোটের সমস্যা এবং ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণেই আগের আলোচনায় কিছুটা পিছিয়ে গিয়েছিল কলকাতার দল। এবার অবশ্য নেতৃত্বের প্রয়োজনেই তাঁকে পাওয়ার বিষয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছে তারা।
হার্দিককে ছাড়ার বিনিময়ে মুম্বইয়ের চাহিদাও কম নয়। কেকেআরের কাছে হর্ষিত রানা এবং তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীকে চেয়েছে মুম্বই। দুই ক্রিকেটারই দলের ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে রঘুবংশীকে ছাড়তে নারাজ কলকাতা। তাঁকে প্রতিভাবান ব্যাটার হিসাবে দেখা হচ্ছে। কেকেআরের নতুন কোচ অভিষেক নায়ারের সঙ্গেও তাঁর কাজের সম্পর্ক রয়েছে। ফলে এই তরুণকে ট্রেডের অংশ করতে রাজি নয় কলকাতা।
এছাড়া সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারদের নিয়েও কেকেআর কোনও আপস করতে চাইছে না বলে খবর। এই তিন ক্রিকেটারই দলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ। ফলে মুম্বইয়ের চাহিদা মেনে হার্দিককে নেওয়ার জন্য কলকাতাকে বিকল্প পথ খুঁজতে হতে পারে।
মুম্বইয়েরও কিছু নির্দিষ্ট প্রয়োজন রয়েছে। দলের জন্য একজন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার এবং ভালো মানের পেসার খুঁজছে তারা। সেই কারণেই হর্ষিত ও রঘুবংশীর নাম আলোচনায় এসেছে বলে খবর। তবে দুই দলের মধ্যে এখনও কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি।
হার্দিককে নিয়ে শুধু কেকেআর নয়, চেন্নাই সুপার কিংসের আগ্রহের কথাও শোনা যাচ্ছে। যদিও চেন্নাই তাঁকে অধিনায়কত্ব দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুম্বইয়ের তরফে রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল এবং রবি বিষ্ণোইকে পাওয়ার আগ্রহের কথাও প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই সম্ভাবনাতেও অগ্রগতি হয়নি। চেন্নাইয়ের তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রেকে পাওয়ার ব্যাপারেও মুম্বই আগ্রহ দেখিয়েছিল বলে খবর। তবে তাঁকে ছাড়তে রাজি হয়নি চেন্নাই।
আইপিএলের দলগুলিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে পারে মিনি নিলামের আসর। তার আগে ট্রেডের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলিকে। হার্দিককে নিয়ে মুম্বই ও কেকেআরের আলোচনা কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।




