নিউজ ডেস্ক: ৭৬ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আলোয় সেজে উঠল দুবাইয়ের আকাশ। ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান, বন্ধুত্ব এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বার্তা দিতে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় ফুটে উঠল মোদীর ছবি এবং ভারতের তেরঙ্গা। তার সঙ্গে দেখা গেল ‘হ্যাপি বার্থডে’, ‘সার্ভিস ইজ দ্য রেজলভ’ ‘ইন্ডিয়া ফার্স্ট, দ্য ইনস্পিরেশন’ ইত্যাদি বার্তা। দুবাইয়ের ডাউনটাউনে সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
দেখুন: https://x.com/MeghUpdates/status/2100412341724836140?s=20
দেশেও এ দিন প্রধানমন্ত্রীকে ঘিরে শুভেচ্ছার ঢল নামে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতারা জন্মদিনের শুভেচ্ছা জানান মোদীকে। রাষ্ট্রপতি তাঁর বার্তায় মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে নিজের দায়িত্বকালে মোদী সুশাসনের ক্ষেত্রে একাধিক নতুন মানদণ্ড তৈরি করেছেন। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন গতি ও দিশা দিয়েছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আরও বলেন, সাংস্কৃতিক গৌরবের বোধকে সঙ্গে রেখে আধুনিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে ভারত। তাঁর মতে, এই পথেই দেশের মানুষ ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে সমন্বয় উপলব্ধি করছেন। উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্ম মোদীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে তাঁর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা আসছে দেশ-বিদেশ থেকে।
প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সমাজ মাধ্যমে তিনি মোদীকে ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা’, ‘নিউ ইন্ডিয়া’র স্থপতি এবং ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর দূরদর্শী রূপকার বলে উল্লেখ করেন। মোদীর ‘নেশন ফার্স্ট’ নীতি এবং জনকল্যাণের প্রতি তাঁর দায়বদ্ধতার কথাও তুলে ধরেন যোগী। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার অনুপ্রেরণা জোগায় বলেও জানান তিনি। সব মিলিয়ে ৭৬ তম জন্মদিনে দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও মোদীকে ঘিরে দেখা গেল বিশেষ আয়োজন ও শুভেচ্ছার আবহ।