গরমে ঘেমে নেয়ে নয়, এবার এসির ঠান্ডা হাওয়ায় ছুটবে মুম্বইয়ের লোকাল। মুম্বইয়ের ব্যস্ত জীবনের অন্যতম ভরসা হল লোকাল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই ট্রেনের উপর নির্ভর করেন। দেশের ব্যস্ততম শহরের লাইফলাইন মুম্বই লোকাল কে আরও আধুনিক ও আরামদায়ক করে তুলতে বড় পরিকল্পনা করেছে ভারতীয় রেল। এবার, লোকাল ট্রেনের জগতেও আসছে 'বন্দে' চমক। মুম্বই ট্র্যাকে শীঘ্রই দেখা যেতে পারে সম্পূর্ণ এসি 'বন্দে মেট্রো লোকাল'।
রেল সূত্রে খবর, প্রথম পর্যায়ে বাণিজ্যনগরী মুম্বইতে এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। এর জন্য মোট ২৩৮ টি ১২ কোচের এসি লোকাল রেক তৈরি করা হবে। এই বিশাল প্রকল্পের খরচ হতে পারে প্রায় ১৯,২৯৩ কোটি টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ট্রেনের কোচ তৈরির জন্য বিদেশের ওপর নির্ভরশীল হতে হবে না।দেশের তিনটি বড় রেলকারখানাতেই তৈরি হবে নতুন এসি লোকালের রেক। চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি,কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং রায়বরৈলির মর্ডান কোচ ফ্যাক্টরিতে উৎপাদনের কাজ চলবে।
কেন্দ্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিদেশে কোচ তৈরির ক্ষেত্রে দীর্ঘসূত্রতার সমস্যা ছিল। তাই দেশীয় কারখানাতে এগুলি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, দেশের কারখানায় তৈরি হলে প্রথম রেক দ্রুত প্রস্তুত করা সম্ভব হবে। বিদেশে তৈরি হলে যা অনেক বেশি সময়সাপেক্ষ।
রেল কর্তৃপক্ষের অনুমান অনুযায়ী, প্রথম ১২ কোচের এসি রেক ২০২৭ সালের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। এরপর ধাপে ধাপে আরও রেক তৈরি হবে। কর্তৃপক্ষের অনুমান, ২০৩৪ সালের মধ্যেই ২৩৮টি রেক পরিষেবায় আনা সম্ভব হবে। অর্থাৎ, মুম্বইয়ের ব্যস্ত লোকাল যাত্রায় এবার যোগ হতে চলেছে আধুনিক প্রযুক্তি ও 'বন্দে' গতির এক নতুন অধ্যায়।