শ্রীনগর: স্থানীয় মানুষের মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভবিষ্যতে ‘বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদী কার্যকলাপে’ যুক্ত হতে পারেন এই আশঙ্কার ভিত্তিতে ১০ মাস ধরে জননিরাপত্তা আইনে (PSA) বন্দি ছিলেন জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা মুশতাক আহমেদ শাহ। এবার সেই মামলায় বড় স্বস্তি দিল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। আদালত তাঁর বিরুদ্ধে জারি করা PSA-র আটকাদেশ বাতিল করে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে।
শাহকে গত বছরের ডিসেম্বর মাসে আটক করা হয়েছিল। এরপর তাঁকে নিজের বাড়ি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের একটি জেলে রাখা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা রিপোর্ট এবং একটি পুলিশ ডসিয়ের ভিত্তিতে PSA প্রয়োগ করা হয়েছিল।
আটকের কারণ হিসেবে প্রশাসনের নথিতে বলা হয়েছিল, শাহের মধ্যে ‘অ্যান্টি-ন্যাশনাল কার্যকলাপের প্রবণতা’ রয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর এলাকায় সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষ করে যুবসমাজের মধ্যে তাঁর প্রভাব রয়েছে বলেও দাবি করা হয়েছিল। প্রশাসনের আশঙ্কা ছিল, এই প্রভাবকে ব্যবহার করে তিনি ভবিষ্যতে সন্ত্রাসবাদী সংগঠনগুলির জন্য কোনও ‘কনডুইট’ বা যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারেন।
এমনকি ব্যক্তিগত বৈঠক বা অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে যুবকদের বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদী কার্যকলাপের দিকে প্রভাবিত করার আশঙ্কার কথাও আটকাদেশে উল্লেখ করা হয়েছিল।
তবে এই যুক্তিগুলির বিরুদ্ধে আদালতে প্রশ্ন ওঠে। বিচারপতি রাজনেশ ওসওয়াল তাঁর রায়ে জানান, আটক করার কারণগুলি যথেষ্ট নির্দিষ্ট নয় এবং প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে। আদালতের মতে, অভিযোগগুলি এতটাই অস্পষ্ট যে সেগুলির ভিত্তিতে আটককারী কর্তৃপক্ষের ‘subjective satisfaction’-এর বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
হাইকোর্ট আরও উল্লেখ করেছে, শাহ কোন নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিংবা কাদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন সেই বিষয়ে প্রশাসনের নথিতে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি। ফলে সংবিধানের ২২(৫) অনুচ্ছেদে থাকা সুরক্ষার সঙ্গে এই আটকাদেশের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন ওঠে।
এই কারণেই আদালত PSA-র অধীনে শাহের আটকাদেশ বাতিল করে দেয়। পাশাপাশি, অন্য কোনও মামলায় প্রয়োজন না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরে Public Safety Act নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এই আইনের আওতায় কোনও ব্যক্তিকে বিচার ছাড়াই দীর্ঘ সময় আটক রাখা সম্ভব। গুরুতর অভিযোগ বা জননিরাপত্তার আশঙ্কার ক্ষেত্রে আইনটি প্রয়োগ করা হলেও এর অপব্যবহারের অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে।
সাম্প্রতিক সময়েও জম্মু ও কাশ্মীর হাইকোর্ট PSA-র আওতায় আটক নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেছে। ফলে মুশতাক আহমেদ শাহের মামলায় হাইকোর্টের এই রায় ফের preventive detention-এর ক্ষেত্রে নির্দিষ্ট ও স্পষ্ট কারণ দেখানোর প্রয়োজনীয়তাকে সামনে আনল।




