নিউজ ডেস্ক: রেখা পাত্রর পর অসুস্থ আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। রবিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। এদিন সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে কলকাতায় নিয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও।
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার দুপুরে একটি কর্মসূচিতে থাকাকালীন হঠাৎই কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয় হেমন্ত বাগের। এরপর তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এদিন সকালেই আরামবাগ এসে পৌঁছন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। বর্তমানে কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আরামবাগের বিধায়কের।




