নিউজ ডেস্ক: বাংলা ছবির প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শকের প্রশংসা, ভালো প্রতিক্রিয়া, এমনকী একাধিক হাউসফুল শো। তারপরেও কি প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে চলেছে বাংলা ছবি? সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে এবার তৈরি হয়েছে এমনই পরিস্থিতি। গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবি। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। বিশেষ করে বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেক দর্শক। এমনকী বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ছবির শো হাউসফুলও হয়েছে বলে দাবি নির্মাতাদের।
কিন্তু এই সাফল্যের মাঝেই ছবিটির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে রাজশ্রী প্রোডাকশনসের ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস। আর সেই ছবির মুক্তির কারণে ‘সাধক বামাক্ষ্যাপা’র জন্য পর্যাপ্ত শো রাখা সম্ভব হবে না বলে প্রদর্শকদের তরফে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার থেকে ছবিটির প্রদর্শন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এসভিএফ। তবে অন্য কোনও ছবি মুক্তি পাওয়ায় তাদের আপত্তি নেই বলেই স্পষ্ট করেছে প্রযোজনা সংস্থা। তাদের বক্তব্য, প্রতিটি ছবিরই প্রেক্ষাগৃহে নিজের জায়গা পাওয়ার অধিকার রয়েছে। একটি ছবি ভালো ব্যবসা করার পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে, সেখানে অন্য ছবির মুক্তির কারণে তার প্রদর্শন বন্ধ হয়ে যাওয়া উচিত নয়।
এসভিএফের দাবি, বাংলা ও হিন্দি, দুই ছবির জন্যই প্রেক্ষাগৃহে ন্যায্যভাবে শো বরাদ্দ করা হোক। তাতে দর্শকও নিজেদের পছন্দমতো ছবি দেখার সুযোগ পাবেন। এখন দেখার, প্রদর্শকদের তরফে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয় কি না। দর্শকের ভালোবাসা পাওয়ার পরেও কি প্রেক্ষাগৃহে জায়গা ধরে রাখতে পারবে ‘সাধক বামাক্ষ্যাপা’? সেই দিকেই নজর সিনেমাপ্রেমীদের।




