স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই এখন মাঠে উত্তেজনা, স্লেজিং আর বিবাদ। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যের ছবিও যেন ক্রমশ ফিকে হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং এশিয়া কাপ রাইজিং স্টার প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই ঘটনা নিয়েই এবার সরাসরি মুখ খুললেন এক পাক সমর্থক। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের সঙ্গে দেখা হতেই তাঁর কাছে বিশেষ আর্জি জানালেন ওই অনুরাগী।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, হরভজনের সঙ্গে কথা বলছেন এক পাকিস্তানি সমর্থক। তাঁর অনুরোধ, ভারতীয় তরুণ ক্রিকেটারদের যেন মাঠে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়াতে নিষেধ করেন ভাজ্জি। ওই সমর্থকের কথায়, ক্রিকেট খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু অসম্মান বা বিবাদ কখনওই কাম্য নয়। খেলার মাঠে সেই সীমারেখা যেন কেউ অতিক্রম না করেন।
ওই পাক সমর্থক হরভজনকে বলেন, “কেমন আছেন? অনুগ্রহ করে তরুণ ভারতীয় ক্রিকেটারদের বলবেন, মাঠে যেন ঝগড়া না করে। এটা ক্রিকেট। আমি শুধু এটুকুই বলতে চাই।” নিজের বক্তব্যের সমর্থনে দুই দেশের প্রাক্তন ক্রিকেটারদের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, হরভজনের খেলার সময় ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। দুই দেশের প্রবীণ ক্রিকেটাররা একে অপরকে সম্মান করতেন। সেই জায়গায় নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে এমন বিবাদ মোটেই ভাল বার্তা দিচ্ছে না।
সমর্থক আরও বলেন, পাকিস্তানে গেলে ভারতীয় ক্রিকেটারদের ভালবাসা ও আতিথেয়তা দেওয়া হয়। বিভিন্ন দেশে সফরের সময়ও দুই দেশের ক্রিকেটাররা একসঙ্গে সময় কাটিয়েছেন। তাই তরুণদের মধ্যে এই দূরত্ব ও ঝামেলা দেখে তাঁর খারাপ লাগছে। হরভজন যেন তাঁদের সংযত থাকার পরামর্শ দেন, সেই আবেদনই জানান তিনি।
পাক সমর্থকের কথার জবাবে যথেষ্ট পরিণত মনোভাব দেখান হরভজন। তিনি জানান, তরুণ ক্রিকেটারদের নম্র ও মাটির কাছাকাছি থাকার পরামর্শ তাঁরা দিয়ে থাকেন। তাঁর কথায়, “আমরাও ওদের বলেছি, নম্র থাকতে এবং নিজেদের মাটির কাছাকাছি রাখতে।”
উল্লেখ্য, গত বছরের এশিয়া কাপ থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা আরও বেড়েছে।
পহেলগামে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় দলের সদস্যরা। পরবর্তী সময়েও সেই অবস্থান বজায় রেখেছে ভারত। এমনকী এশিয়া কাপের ট্রফি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে নিতেও অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটাররা। এই আবহে পাক সমর্থকের আর্জি এবং হরভজনের সংযত জবাব নতুন করে আলোচনায় উঠে এসেছে।




