স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবার মঞ্চে লড়াই চলছে, কিন্তু এখনও কেউ কাউকে টেক্কা দিতে পারছেন না। একের পর এক ম্যাচ ড্র। জেনেভায় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ গেমেও জয়ের মুখ দেখলেন না বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ কিংবা চ্যালেঞ্জার জাভোখির সিন্দারভ। ৩৪ চালের লড়াইয়ের শেষে সমঝোতায় শেষ হল ম্যাচ। ফলে চারটি গেম পরেও দু’জনের পয়েন্ট সমান—২-২। বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই লড়াইকে ঘিরে দাবাপ্রেমীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কারণ, বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন দু’জন ২০ বছরের তরুণ। কিন্তু এখনও পর্যন্ত আগ্রাসী চালের বদলে সতর্ক কৌশলেই এগোচ্ছেন দু’জন। ঝুঁকি নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা খুব একটা দেখা যাচ্ছে না। ফলে চারটি ম্যাচের পরেও জয়ের খাতা খুলতে পারেননি কেউ।
শনিবার সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন গুকেশ। দ্বিতীয় গেমে লন্ডন পদ্ধতি বেছে নিয়েছিলেন তিনি। চতুর্থ গেমে অবশ্য শুরু করেন ১.ই৪ চাল দিয়ে। এরপর সিন্দারভের বিরুদ্ধে পেট্রভের ডিফেন্সে খেলা এগোয়। পঞ্চম চালে বি২-ই২ এবং নবম চালে কিউবি১-এর মতো অভিনব কৌশল প্রয়োগ করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।
তাঁর এই চাল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ধারাভাষ্যকাররাও। ম্যাচের পর গুকেশ জানান, কিউবি১ চালটি আগে থেকেই তাঁর প্রস্তুতির মধ্যে ছিল। এত সুন্দর একটি কৌশল বোর্ডে প্রয়োগ করতে পেরে তিনি খুশি। তবে প্রতিপক্ষও যথেষ্ট ভালভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। গুকেশের মতে, তাঁর অবস্থান কিছুটা সুবিধাজনক মনে হলেও শেষ পর্যন্ত দু’জনের পক্ষেই খেলা ধরে রাখা সম্ভব ছিল।
অন্যদিকে সিন্দারভও জানান, ম্যাচটি বেশ কঠিন ছিল। গুকেশের অভিনব চাল তাঁকে কিছুটা চমকে দিলেও তাঁর অবস্থান ছিল মজবুত। দু’জনেই ভাল খেলেছেন বলেই শেষ পর্যন্ত ড্র হয়েছে বলে মনে করেন তিনি। তবে ম্যাচে গুকেশের ঘড়ি নিয়ে কিছুটা উদ্বেগ ছিল। ২৯তম চালে তাঁর হাতে সময় ছিল আট মিনিটেরও কম।
৪০তম চালের আগে অতিরিক্ত সময় যোগ হওয়ার নিয়ম না থাকায় চাপ বাড়ছিল ভারতীয় দাবাড়ুর উপর। শেষ পর্যন্ত পরের কয়েকটি চালের মধ্যে একই অবস্থানের পুনরাবৃত্তি হওয়ায় তিনবার একই অবস্থান তৈরি হয় এবং ড্র মেনে নেন দুই খেলোয়াড়। চারটি ম্যাচে এখনও পর্যন্ত দু’জনের খেলায় নির্ভুলতার হার প্রায় ৯৯ শতাংশের কাছাকাছি। তবে এই লড়াইয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক দুই প্রতিপক্ষের সৌজন্যবোধ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেও একে অপরের প্রতি সম্মান দেখাচ্ছেন তাঁরা। তৃতীয় গেমে দীর্ঘ পাঁচ ঘণ্টার লড়াইয়ের পর কাশির জন্য সিন্দারভের কাছে ক্ষমাও চেয়েছিলেন গুকেশ। জবাবে হাসিমুখে তাঁকে আশ্বস্ত করেন উজবেক দাবাড়ু।
এখনও বিশ্বচ্যাম্পিয়নশিপের দশটি গেম বাকি। দু’জনেই দু’বার করে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পেয়েছেন। একে অপরের প্রস্তুতি ও কৌশল সম্পর্কে ধারণাও তৈরি হয়েছে। কিন্তু দাবার বোর্ডে বড় কোনও বিস্ফোরণ এখনও ঘটেনি। এবার কি পরের গেমগুলিতে বদলাবে ছবিটা? নজর এখন সেদিকেই।




