নিউজ ডেস্ক: সামনে রথী-মহারথীরা। আর তাঁদের সঙ্গেই চুটিয়ে ক্রিকেট খেললেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স উইলিয়াম। লন্ডনে বাকিমহাম প্যালেসের সামনেই অনুষ্ঠিত হল ‘ক্রিকেট অন দ্য মল’ ইভেন্ট। সেখানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অজিঙ্কা রাহানে, ব্রায়ান লারা, জেমস অ্যান্ডারসন, জো রুটের মতো প্রাক্তন ও বর্তমান তারকারা। আর, তাঁদের সঙ্গেই ক্রিকেটে মজলেন প্রিন্স উইলিয়াম।
https://x.com/RE_DailyMail/status/2109961463859187890?s=20
পরিবেশ সংরক্ষণে নভেম্বরে মুম্বইয়ে প্রিন্স উইলিয়ামের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘আর্থশট প্রাইজ’ অ্যাওয়ার্ড। ক্রিকেটের মাধ্যমে ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করাও এই ইভেন্টের অন্যতম লক্ষ্য। আর, তার প্রচারেই এই বিশেষ আয়োজন। মঙ্গলবার লন্ডনের রাজপথেই বসে চাঁদের হাট।
সাধারণত রাজ পরিবারের শোভাযাত্রা কিংবা জাতীয় উদযাপনের জন্য পরিচিত লন্ডনের ‘দ্য মল’। মঙ্গলবার পরিণত হয় ক্রিকেটের আসরে। বাকিংহাম প্যালেসের সামনে ব্যাট হাতে নেমে পড়েন প্রিন্স অফ ওয়েলস। তাঁকে কয়েকটি বল করেন সৌরভ। সাবলীল ভঙ্গিতে ব্যাট চালাতেও দেখা যায় প্রিন্স উইলিয়ামকে। এমনকি বাংলার মহারাজের বলে একটি ছক্কাও হাঁকান ব্রিটেনের যুবরাজ। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দেখা যায় তাঁকে। খেলার শেষে উপস্থিত দর্শকদের সঙ্গে সেলফি তোলেন তিনি।
প্রিন্স উইলিয়ামের ব্যাটিংয়ের প্রশংসা করেন লারা, সৌরভ, রুটরা। বোলার নয়, উইলিয়ামকে একজন ব্যাটসম্যান হিসেবে প্রশংসায় ভরিয়ে দেন জো রুট। যুবরাজের ব্যাটিংয়ের প্রশংসা শোনা য়ায় ব্রায়ান লারার মুখেও। প্রথম একাদশে ৬ বা ৭ নম্বর স্থানে খেলার জন্য তিনি উপযুক্ত বলেও মন্তব্য করেন লারা। তবে বোলিংয়ে এখনও উন্নতি করতে হবে বলেও জানান লারা। প্রিন্স উইলিয়ামকে খুব সাধারণ এবং মাটির কাছাকাছি মানুষ বলে মন্তব্য করেন সৌরভ। উইলিয়ামের ভারত সফর নিয়েও আশাবাদী মহারাজ। ভারত তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাবে, বলেন সৌরভ।