কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: বিশ্ব দাবার মঞ্চে আরও একবার ভারতীয় প্রতিভার ঝলক। ২০২৬ গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। সেন্ট লুইসে চলতি সিনকেফিল্ড কাপের এখনও একটি রাউন্ড বাকি থাকতেই গ্র্যান্ড চেস ট্যুরের মরসুম-শেষের লড়াইয়ে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। দুরন্ত ছন্দে থাকা প্রজ্ঞানন্দ ইতিমধ্যেই সিনকেফিল্ড কাপে পাঁচ পয়েন্ট নিয়ে আমেরিকার ওয়েসলি সোর সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে। ফলে ফাইনালে জায়গা নিশ্চিত হওয়ার পাশাপাশি চলতি প্রতিযোগিতার শিরোপার দৌড়েও রয়েছেন ভারতীয় তারকা।
সিনকেফিল্ড কাপের অষ্টম রাউন্ডে ফরাসি গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভাশিয়ে-লাগ্রাভকে হারিয়েই বড় ধাক্কা দেন প্রজ্ঞানন্দ। কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে মাত্র ২৭ চালেই ম্যাচ নিজের নামে করে নেন তিনি। প্রতিপক্ষের আগ্রাসী কৌশলের জবাব ঠান্ডা মাথায় দিয়ে ধীরে ধীরে বোর্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। এই জয়ের সুবাদে তাঁর পয়েন্ট পৌঁছে যায় পাঁচে। অন্য দিকে ওয়েসলি সো স্যাম সেভিয়ানের সঙ্গে ড্র করায় তিনিও পাঁচ পয়েন্টে থামেন। ফলে শেষ রাউন্ডের আগে সিনকেফিল্ড কাপে দুই দাবাড়ুই যুগ্ম শীর্ষে।
গ্র্যান্ড চেস ট্যুরের ২০২৬ মরশুমে একের পর এক বড় মঞ্চে ধারাবাহিকতা দেখিয়েছেন প্রজ্ঞানন্দ। পোল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং আমেরিকায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পর সেন্ট লুইসের র্যাপিড ও ব্লিটজ পর্বেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। বিশেষ করে সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটজে দুরন্ত পারফরম্যান্স করে কেরিয়ারের সর্বোচ্চ র্যাপিড রেটিং ২৭১৪.৫-এ পৌঁছে গিয়েছিলেন তিনি। সিনকেফিল্ড কাপে সেই ছন্দই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন।
এ বার লক্ষ্য আরও বড়। গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনাল হবে ২১ থেকে ২৮ অগাস্ট, সেন্ট লুইস চেস ক্লাবে। ট্যুরের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চার দাবাড়ু নকআউট ফরম্যাটে মুখোমুখি হবেন। ইতিমধ্যেই প্রজ্ঞানন্দর জায়গা নিশ্চিত। বাকি তিনটি জায়গার জন্য লড়াই চলছে। চতুর্থ স্থানে সমতা হলে ২০ অগস্ট প্লে-অফের মাধ্যমে শেষ ফাইনালিস্ট বেছে নেওয়া হবে। তার আগে সিনকেফিল্ড কাপের শেষ রাউন্ডে অনীশ গিরির বিরুদ্ধে খেলবেন প্রজ্ঞানন্দ। ফলে গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনাল নিশ্চিত হলেও লড়াই থামছে না। বরং শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ সামনে ভারতীয় তারকার।