নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগামে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাটের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি এক ভাষণে নিহত জঙ্গিদের উদ্দেশে ‘শহিদ’ শব্দটি ব্যবহার করে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি পোস্ট ও ভিডিও বার্তাকে কেন্দ্র করে। ওই বার্তায় শাহবাজ শরিফ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় নিহত জঙ্গিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ‘শহিদ’ বলে সম্বোধন করেন। পাশাপাশি, কারাবন্দি বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতিও তিনি সহমর্মিতা প্রকাশ করেন। পাক প্রধানমন্ত্রীর দপ্তরের ওই পোস্টে জানানো হয়, রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত ইসলামাবাদ তাদের নৈতিক ও কূটনৈতিক সমর্থন জুগিয়ে যাবে।
https://x.com/Nighat_Abbass/status/2123767448218603535?a=snoN4pHv1X4DW42vW2g&s=20
তাৎপর্যপূর্ণ বিষয় হল, শাহবাজ শরিফ তাঁর বক্তব্যে কোথাও সরাসরি লস্কর কমান্ডার মহম্মদ লতিফ ভাটের নাম উচ্চারণ করেননি কিংবা কুলগামের সাম্প্রতিক এনকাউন্টারের প্রসঙ্গও তোলেননি। কিন্তু কুলগামে ভারতীয় বাহিনীর সাফল্যের ঠিক কয়েক দিনের মাথায় তাঁর এই মন্তব্যকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষ করে, ১৮ নভেম্বর রাতে প্রকাশিত ওই পোস্টটির সময়কাল নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে।
সীমান্তপারের সন্ত্রাসবাদ এবং জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত। আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদ বরাবরই সন্ত্রাসবাদ দমনের কথা বলে এলেও, দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের মুখে নিহত জঙ্গিদের ‘শহিদ’ তকমা দেওয়ার ঘটনা পাকিস্তানের দ্বিচারিতাকেই ফের একবার স্পষ্ট করে দিল বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহলের মতে, এই ধরনের মন্তব্য কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থীই নয়,সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে ইসলামাবাদের সদিচ্ছা নিয়েও গুরুতর প্রশ্ন তুলে দেয়।
নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের অভিমত, উপত্যকায় ভারতীয় সেনার লাগাতার অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে জঙ্গি সংগঠনগুলি। লতিফ ভাটের মতো কমান্ডারের মৃত্যু লস্কর শিবিরে বড়সড় ধাক্কা। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ রাজনীতিতে চাপে থাকা পাক প্রধানমন্ত্রী কট্টরপন্থী গোষ্ঠীগুলিকে তুষ্ট করতেই এমন আবেগতাড়িত ও বিতর্কিত মন্তব্য করেছেন।




