স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ৩ ফরম্যাটে ভারতের অধিনায়ক তিনি। চলতি বছরে রয়েছেন সাফল্যের শিখরেও। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়েও শীর্ষস্থান ধরে রাখলেন স্মৃতি মান্ধানা। ৭৯০ পয়েন্ট নিয়ে ওডিআই ব্যাটিংয়ের শীর্ষে স্মৃতি। প্রথম দশে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও।
মঙ্গলবারই প্রকাশিত হয়েছে আইসিসি-র মহিলা ওডিআই ব্যাটিংয়ের ক্রমতালিকা। সেখানে শীর্ষে রয়েছেন মান্ধানা। ৭৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। দশম স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি (৬৫০)। তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়। প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর (৬৫২) রয়েছেন নবম স্থানে।
সদ্য সমাপ্ত এশিয়ান গেমসেও দারুণ ছন্দে ছিলেন স্মৃতি। ২ ম্যাচে ১১৬ রান করেন তিনি। হরমনপ্রীত কৌরের তত্ত্বাবধানে ওই আসরে সোনা জেতে ভারতের মেয়েরা। ফাইনালে ১৪৭ রানে শ্রীলঙ্কাকে হারায় ভারত। অধিনায়ক হিসেবে এটিই ছিল হরমনের শেষ টুর্নামেন্ট। তার কয়েকদিন পরই দায়িত্ব ছাড়েন তিনি। তারপরই নতুন অধিনায়ক বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দেওয়া হয়, সব ফরম্যাটেই ভারতের মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা।
নতুন দায়িত্ব নেওয়ার পর মান্ধানার প্রথম পরীক্ষা হতে চলেছে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ। ১৬ অক্টোবর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ রায়পুরে। এরপর রয়েছে ৩টি একদিনের ম্যাচের সিরিজও। মান্ধানা বেশিরভাগ সময়ই ছিলেন হরমনপ্রীতের ডেপুটি। এর আগে ৪টি ওডিআই ও ১৮টি টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তিনি মহারাষ্ট্রের অধিনায়ক। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি দলের অধিনায়কও তিনি। জাতীয় দলেও এবার স্মৃতি যুগের শুরু।