নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার আরও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে। হরমুজ প্রণালীর পূর্ব দিকে নৌ-মাইনে ধাক্কা খেয়ে আগুন ধরে গেল একটি তেলের ট্যাঙ্কারে। শনিবার রাতের এই ঘটনার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। তাদের দাবি, নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়া তিনটি ট্যাঙ্কারের মধ্যে একটি মাইনে ধাক্কা খায়। এর পরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের ক্ষমতা হারায়। বাকি দু'টি জাহাজ পারস্য উপসাগরের দিকে ফিরে যায়। তবে জাহাজটির পরিচয়, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্বাধীনভাবে এই ঘটনার সত্যতাও এখনও যাচাই করা সম্ভব হয়নি।
হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা ও ইরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়। ফলে এই এলাকায় সামরিক উত্তেজনা বাড়লেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণের খবর সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।
ইরানের নৌবাহিনীর দাবি, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ তিনটি তেলের ট্যাঙ্কার তাদের নির্ধারিত নৌ-নিরাপত্তা এলাকা অতিক্রম করছিল। জাহাজগুলির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল বলেও অভিযোগ। সেই সময় একটি জাহাজ নৌ-মাইনে ধাক্কা খেয়ে আগুনের কবলে পড়ে। সেটি আর চলাচল করতে পারছিল না। বাকি দু'টি জাহাজ বিপদের আশঙ্কায় ফিরে যায়। তবে কোনও জাহাজের নাম বা সংশ্লিষ্ট সংস্থার পরিচয় প্রকাশ করা হয়নি।
হরমুজ বন্ধ রাখার হুঁশিয়ারি তেহরানের
যুদ্ধের আবহে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। দেশটির সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে। অন্য দিকে, ইরানের সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালীর উপর দিয়ে উড়ে যাওয়া একটি নজরদারি ড্রোন তারা গুলি করে নামিয়েছে।
আমেরিকার তরফে ইরানের উপর অবরোধ বজায় রাখা হয়েছে। সেই অবরোধ ভাঙার চেষ্টা করা একটি জাহাজকে মার্কিন বাহিনী নিষ্ক্রিয় করেছে বলে খবর। এর পাল্টা পদক্ষেপ হিসেবেই তেহরান হরমুজে নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে বলে মনে করা হচ্ছে।
এই সংঘাতের প্রভাব শুধু জলপথে সীমাবদ্ধ নেই।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। রিয়াধের বিমানবন্দর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কুয়েতের উপর সাম্প্রতিক ড্রোন হামলারও নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তেলের বাজারে নতুন উদ্বেগ
হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণ ব্যাহত হলে তার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে। বিশেষ করে ভারত-সহ তেল আমদানিনির্ভর দেশগুলির জন্য পরিস্থিতি উদ্বেগজনক। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতের আমদানি খরচ, বৈদেশিক মুদ্রার উপর চাপ এবং পরোক্ষভাবে জ্বালানি সংক্রান্ত ব্যয় বৃদ্ধির আশঙ্কা থাকে।
তবে ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসার পরই তেলের দাম কতটা বাড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, জাহাজটির ক্ষয়ক্ষতি, সরবরাহে প্রকৃত বিঘ্ন এবং সংঘাতের পরবর্তী গতিপ্রকৃতি এখনও স্পষ্ট নয়।
এর মধ্যেই ইরানের উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন হামলার অভিযোগ উঠেছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিমের দাবি, নৌকাটিতে থাকা তিন জনের মধ্যে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন নৌকার মালিক। অন্য দিকে, দক্ষিণ ইয়েমেনের উপকূলে একটি জাহাজ ছিনতাইয়ের খবর দিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় সংঘাতের বিস্তার আন্তর্জাতিক জ্বালানি পরিবহণের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। হরমুজ প্রণালীতে নতুন করে কোনও জাহাজ হামলার শিকার হয় কি না, কিংবা সামরিক সংঘাত আরও বাড়ে কি না, তার উপরেই নির্ভর করছে আগামী দিনের তেলের বাজারের গতিপ্রকৃতি।




