নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের পদত্যাগের দাবিতে সমাজমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মন্তব্যের নিন্দা করল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (SCBA)। এই ধরনের মন্তব্যের বিরোধিতা করে সংগঠনের তরফে সকলকে সুপ্রিম কোর্টের মর্যাদা ও শালীনতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
প্রধান বিচারপতিকে নিশানা করে সমাজমাধ্যমে যে সমস্ত বক্তব্য প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে আপত্তি জানিয়েছে SCBA। সংগঠনের দাবি, দেশের সর্বোচ্চ আদালতের সম্মান ও মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। তাই এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি যথাযথ সম্মান ও শালীনতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগের দাবি তুলেছে কেরলের প্রদেশ কংগ্রেস। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তারা লিখেছে, 'প্রধান বিচারপতি সূর্য কান্ত, আইনশৃঙ্খলা যদি আপনার এক্তিয়ারের মধ্যে না পড়ে, তা হলে এখনই পদত্যাগ করুন। আমরা এমন কাউকে আপনার জায়গায় নিয়ে আসব, যিনি এই পরিস্থিতি সামলাতে পারবেন।'
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়। সরাসরি এই বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক নিয়ে পদক্ষেপের দাবিতে যেসব বিরোধী নেতা সরব হয়েছেন, তাঁদেরও সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানোর পরামর্শ দেন তিনি। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সূর্য কান্ত বলেন, 'ইয়ে ল অ্যান্ড অর্ডার কা মুদ্দা হ্যায়। ইয়ে মেরা বিষয় নহি হ্যায় (এটি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়। এটি আমার এক্তিয়ারভুক্ত নয়)।'
সোমবার দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান বিচারপতি। সেখানেই দিল্লির বিক্ষোভ এবং তার জেরে আরোপিত বিধিনিষেধ সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বিষয়টিকে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বলে উল্লেখ করেন এবং জানান, এটি তাঁর এক্তিয়ারের বিষয় নয়। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি জানিয়েছে তারা। এই দাবিগুলি নিয়েই দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ, প্রতিবাদকারীদের আটক এবং বিভিন্ন জায়গায় পুলিশের বিধিনিষেধ নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।