উত্তর প্রদেশ, নিউজ ডেস্ক: সময় ছিল মাত্র চব্বিশ ঘন্টা। তারইমধ্যে যেন চোখের সামনে বদলে গেল গোটা পরিস্থিতি। মাত্র কয়েক ঘণ্টা দেরি হলে ছবিটা হয়তো অন্যরকম হতে পারতো। আশেপাশের মানুষ তখনও বুঝতে পারেনি যে এই জায়গাটিকে ঘিরে আগের দিন থেকে একের পর এক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানেই অপেক্ষা করছে বিপদ। তবে, প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত কোনও বড় বিপদ ঘটেনি। আগাম সর্তকতাই সম্ভবত ঠেকিয়ে দিল সম্ভাব্য প্রাণহানি।
ঘটনাটি উত্তর প্রদেশের মোরাদাবাদে। সূত্রে খবর, প্রশাসনের তরফ থেকে বিপদজনক এবং জরাজীর্ণ একটি তিনতলা ভবনকে আগেই চিহ্নিত করা হয়েছিল। বাড়িটির দুর্বল পরিকাঠামো মাথায় রেখে আগের দিনই সিলগালা করে দেওয়া হয়েছিল। তার মাত্র ২৪ ঘন্টা পর শনিবার ৫ সেপ্টেম্বর আচমকা বাড়িটির একাংশ ভেঙ্গে পড়ে। আনুমানিক বিকেল চারটে নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র: https://x.com/jazzbaatbangla/status/2096493554231365751?s=20
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বাড়িটির অবস্থা নিয়ে উদ্বেগ ছিল। পুরনো বাড়িটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি পরিদর্শন করা হয়। এরপরই নিরাপত্তার কথা মাথায় রেখে সেটিকে সিল করে দেওয়া হয়।
তবে,স্বস্তির বিষয় বাড়িটি ভেঙ্গে পড়ার সময় সেখানে কেউ ছিলেন না। কারণ কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে বাড়িটির দেওয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখে বিপদের আশঙ্কা করেছিল মোরাদাবাদ পৌরনিগম ও স্থানীয় প্রশাসন। শুধুমাত্র বাড়িটি খালি করেই খামেনি প্রশাসন। সম্ভাব্য বিপদ এড়াতে বাড়ির চারপাশে ব্যারিকেট দেওয়া হয় যাতে সাধারণ মানুষ প্রবেশ না করতে পারে। ফলে বাড়ির যখন আচমকা ভেঙ্গে পড়ে তখন সাধারণ মানুষের কোনও বিপদ হয়নি।
এদিকে, বাড়িটি ধসে পড়ার সময় অবশ্য আরও একটি সমস্যা তৈরি হয়। বাড়িটি ধসে পড়ার ফলে ধ্বংসস্তুপের আঘাতে বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়। ছিড়ে যাওয়া তার থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং সাময়িকভাবে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
ঘটনার পর প্রশাসনের তরফে জানানো হয়েছে, সময়মত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কারণেই বড়সড় দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েক সেকেন্ডের সেই দৃশ্যে দেখা যাচ্ছে কিভাবে চোখের পলকে ভেঙ্গে পড়েছে গোটা বাড়িটি।
মোরাদাবাদের এই ঘটনা যেন ফের মনে করিয়ে দিল বিপদ কখন হঠাৎ নেমে আসে তা বোঝা যায় না। ঘটনার পর ধ্বংসাবশেষ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের তরফে। এবং আশেপাশের এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে, আগাম বিপদের সম্ভাবনা আঁচ করে প্রশাসনের পদক্ষেপ এবার বড়সড় বিপর্যয় ঠেকিয়ে দিল।