নিউজ ডেস্ক: আমেরিকার রাজনীতিতে বড় পরিবর্তন। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা। শুধু তাই নয়, প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী শিবির। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সামনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। আগামী দু’বছর আইন প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্ত প্রতিটি ক্ষেত্রেই কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে পড়তে হতে পারে তাঁকে।
এই নির্বাচনে আমেরিকার ৪৩৫টি হাউস আসন এবং সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ হয়। পাশাপাশি ৩৬টি রাজ্যে গভর্নর নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের উপর দেশবাসীর মূল্যায়ন হিসেবেও দেখা হচ্ছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, আমদানি শুল্কনীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব ভোটের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সেনেটে একের পর এক আসনে জয়
সেনেট নির্বাচনে আইওয়া, কানসাস, টেক্সাস এবং নর্থ ক্যারোলিনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। জর্জিয়া থেকে পুনর্নির্বাচিত হয়েছেন জন অসফ। নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়েছেন প্রাক্তন গভর্নর রয় কুপার। অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, ইলিনয়, কলোরাডো এবং নিউ মেক্সিকোতেও ডেমোক্র্যাটদের জয় অব্যাহত রয়েছে।
হাউসেও বদলে গেল ক্ষমতার অঙ্ক
প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা। এর ফলে ট্রাম্প প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে দেওয়ার ক্ষমতা পাবে ডেমোক্র্যাটরা। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তদন্ত শুরু করার সুযোগও তৈরি হয়েছে।
গভর্নর নির্বাচনেও উল্লেখযোগ্য ফল করেছে ডেমোক্র্যাটরা। জর্জিয়ায় প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর নির্বাচিত হয়েছেন কেইশা ল্যান্স বটমস। ওহাইওতে ২০ বছর পর গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন। তবে ফ্লোরিডায় জয় পেয়েছেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস।
ট্রাম্পের 'ভেটো' বার্তা
ফলাফল সামনে আসতেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 'Veto' লেখা লাল রিপাবলিকান টুপির ছবি পোস্ট করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের কোনও প্রস্তাব তাঁর কাছে এলে ভেটো প্রয়োগের ক্ষমতা ব্যবহার করতে পারেন বলেও আগেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
সব মিলিয়ে হোয়াইট হাউসে রিপাবলিকান প্রেসিডেন্ট এবং কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, আমেরিকার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। আগামী দু’বছরে ট্রাম্পের প্রশাসন কীভাবে এই রাজনৈতিক সমীকরণের মোকাবিলা করে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।




