কলকাতা, নিউজ ডেস্ক: কলম্বো টেস্টে আশিথা ফার্নান্ডোকের গুঁতো মারা নিয়ে এ বার মুখ খুললেন যশস্বী জয়সওয়াল। সমাজ মাধ্যমে একটি ভিডিওর নীচে তাঁর মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলের একটি ভিডিওতে যশস্বীর আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারই জবাবে ভারতীয় ওপেনার লেখেন, ‘‘ও কী বলেছিল, সেটা যদি না জানেন, তা হলে কে সীমা লঙ্ঘন করেছে, তা নিয়ে বিচার করবেন না। কেউ সীমা ছাড়ালে তাঁকে বুঝিয়ে দিতে হবে যে, এই ভারত লড়বে এবং জবাব দেবে।’’
ঘটনার সূত্রপাত দ্বিতীয় টেস্টের প্রথম দিন। এসএসসি মাঠে আশিথার এক ওভারে পর পর তিনটি চার মেরেছিলেন যশস্বী। কিন্তু শেষ পর্যন্ত সেই আশিথার বলেই ৪৫ রানে আউট হন ভারতীয় ব্যাটার। প্যাভিলিয়নের দিকে ফেরার সময় আশিথা তাঁকে উদ্দেশ্য করে কিছু বলেন বলে অভিযোগ। তাতেই ফিরে এসে পাল্টা জবাব দেন জয়সওয়াল। দু’জন মুখোমুখি দাঁড়িয়ে বাক্যুদ্ধে জড়িয়ে পড়েন। এমনকি যশস্বীর হেলমেট আশিথার কপালে ঠেকে যায়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা-সহ বাকি সতীর্থেরা।
ঘটনার পর যশস্বীর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় শিবিরেও। ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও জানিয়েছেন, যশস্বীর এতটা কাছে গিয়ে দাঁড়ানো উচিত হয়নি। তবে তাঁর মতে, উত্তেজনার মুহূর্তে এমন ঘটনা ঘটে যেতে পারে। কোটাকের বক্তব্য, ‘‘নিশ্চয়ই বোলার কিছু বলেছিল। উত্তেজনার বশেই হয়তো ঘটনাটা ঘটেছে। জয়সওয়ালের এতটা কাছে যাওয়া উচিত হয়নি ঠিকই, কিন্তু খেলার মাঠে উত্তেজনার বশে এমনটা হয়েই যায়।’’
তবে কোটকের সেই মন্তব্যের পরও যশস্বীর নিজের অবস্থান স্পষ্ট। তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। বরং মাঠে কী কথা হয়েছিল, তা না জেনে শুধু দৃশ্য দেখে কাউকে দোষী করা ঠিক নয়, এমনটাই দাবি তাঁর। আর সেই মন্তব্যই এখন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ দিকে যশস্বীর বক্তব্য ফুটে উঠেছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সেও।
দেবদত্ত পাড়িক্কালের শতরানের পর ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেলের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিন ইতিমধ্যেই ৪৫০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে শুভমান গিলের দল। উল্লেখ্য, কলম্বোর এই মাঠে আজ পর্যন্ত কোনও দলই প্রথম ইনিংসে ৪০০ করার পর টেস্ট ম্যাচ হারেনি। সব মিলিয়ে এই ভারত সত্যিই লড়ছে এবং জবাবও দিচ্ছে।