আবারও ইতিহাসের সঙ্গে ক্রিকেটকে মেলানোর পরিকল্পনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। আগামী বছরের ওডিআই বিশ্বকাপের সূচনা ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আয়োজিত হতে চলা এই প্রতিযোগিতার মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে বলে খবর।
একটি নামী ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে আইসিসির এই পরিকল্পনার কথা। রিপোর্ট অনুযায়ী, অহিংসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া গান্ধীজির জীবন ও ভাবনাকে স্মরণ করেই বিশ্বকাপের সূচনার দিনটি তাঁর জন্মদিনের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে গান্ধীর গভীর ঐতিহাসিক যোগও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এর আগে জানা গিয়েছিল, ২০২৭ সালের বিশ্বকাপ শুরু হতে পারে ৮ অক্টোবর। অক্টোবরের প্রথম সপ্তাহটি রাখা হতে পারে প্রস্তুতি ম্যাচের জন্য। তবে সেই পরিকল্পনায় বদল এসেছে বলেই খবর। নতুন সূচি অনুযায়ী, ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালের মধ্যে শেষ হতে পারে ১৪ দলের এই বিশ্বকাপ।
মোট ১২টি মাঠে হবে প্রতিযোগিতা। দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার একটি স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত এটি আইসিসির চূড়ান্ত ঘোষণা নয়, তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গান্ধী জয়ন্তীর দিন বিশ্বকাপের উদ্বোধন নিঃসন্দেহে ক্রিকেট ও ইতিহাস, দুই ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।