নিউজ ডেস্ক: এবার ছটপুজোর শাড়ি বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের বিধানসভা এলাকাতেই তাঁকে ঘিরে উঠল ‘চোর চোর’, ‘গো ব্যাক’ স্লোগান। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীদেরই একাংশ বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, ছটপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করছিলেন কৌস্তভ বাগচী। সেই সময় আচমকাই সেখানে হাজির হন বিজেপির অন্য একটি গোষ্ঠীর কর্মীরা। বিধায়ককে দেখেই শুরু হয় ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এমনকি কৌস্তভকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে নিয়ে শাড়ি বিতরণ করতে এসেছিলেন কৌস্তভ। সেই কারণেই তাঁদের এই প্রতিবাদ। অন্যদিকে, কৌস্তভের অনুগামীদের পাল্টা দাবি, এলাকায় বেআইনি গ্যাসের কারবার এবং সাট্টার ঠেকের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই বিধায়ককে পরিকল্পিতভাবে হেনস্তা করা হচ্ছে। তবে ব্যারাকপুরে কৌস্তভকে ঘিরে এই বিক্ষোভ নতুন নয়।
এর আগে গত ৩০ অক্টোবর নীলগঞ্জের কৃষি ও পাট গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন কৌস্তভ বাগচী। অর্জুন সিংয়ের বিধানসভা কেন্দ্র অর্থাৎ নপাড়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায়, গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দেয়। মণীশ শুক্ল খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের ছবি প্রকাশ্যে আসার পর কৌস্তভের মন্তব্য ঘিরে দলের অন্দরে সংঘাত শুরু হয়েছিল।




