নিউজ ডেস্ক: বাঘের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছিল রাজ্য বন দফতর। সেই লক্ষ্যেই বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়েছিল তিন বছরের রয়্যাল বেঙ্গল টাইগার ‘ডুয়ার্স রানি’কে। কিন্তু বক্সায় আসার পর থেকেই একের পর এক সমস্যার মুখে পড়ে বাঘিনী। দু’বার পালানোর ঘটনা, একশো কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে অসমে চলে যাওয়া এবং শেষ পর্যন্ত তিনটি শাবকের গর্ভপাত। সব মিলিয়ে প্রশ্নের মুখে বক্সায় বাঘ ফেরানোর পরিকল্পনা ও প্রস্তুতি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ৭ নভেম্বর রাতে টি-১৩৮ নামে পরিচিত ওই বাঘিনীর তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়। ভ্রূণগুলির বয়স আনুমানিক দু’মাস বলে জানা গিয়েছে। সেগুলি পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনা হয়েছিল ওই বাঘিনীটিকে। স্থানান্তরের আগে ছ’জন পশু চিকিৎসক ও বিশেষজ্ঞের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও তার গর্ভাবস্থার বিষয়টি ধরা পড়েনি বলে অভিযোগ।
বাঘিনীটিকে নিয়ে আসার সময় প্রায় ১৭ ঘণ্টার যাত্রাপথে দু’বার অজ্ঞান করা হয়েছিল। বক্সায় ছেড়ে দেওয়ার পর সে একশো কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে অসমের রাইমোনা জাতীয় উদ্যানে ঢুকে পড়ে। পরে বনকর্মীরা তাকে উদ্ধার করে ফের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনেন। এরপর ফের নির্দিষ্ট ঘেরাটোপ থেকে পালিয়ে যায় ওই বাঘিনী। অভিযোগ, বাঘিনীর জন্য বিশেষভাবে তৈরি অ্যাক্লাইমেটাইজেশন এনক্লোজারের পরিবর্তে হরিণ রাখার ঘেরাটোপ ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা এনটিসিএ (NTCA)-র একটি বিশেষ প্রতিনিধি দল বক্সায় পৌঁছে সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, বাঘিনীকে বারবার অজ্ঞান করা, দীর্ঘ যাত্রা, ধরা পড়া এবং পরিবেশ পরিবর্তনের ধকলের কারণেই কি তিনটি ভ্রূণ নষ্ট হয়েছে বলে প্রশ্ন উঠছে। যদিও এই ঘটনার সঙ্গে গর্ভপাতের সরাসরি কোনও যোগ এখনও প্রমাণিত হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী দল এবং রাজ্যস্তরের কমিটি তদন্ত শুরু করেছে। আপাতত বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় রয়েছে ‘ডুয়ার্স রানি’। রেডিও কলারের সিগন্যালের সাহায্যে তার গতিবিধির উপর নজর রাখছেন প্রায় ৬০ জন বনকর্মী। সঙ্গে রয়েছে তিনটি প্রশিক্ষিত হাতি। বক্সায় স্থায়ী বাঘের প্রজনন ক্ষেত্র গড়ে তোলার স্বপ্ন নিয়ে যে প্রকল্প শুরু হয়েছিল, তা এখন একাধিক প্রশ্নের মুখে।




