দলের অন্দরে কি বাড়ছে শৃঙ্খলা ভঙ্গের প্রবণতা? নতুন করে রাজনৈতিক পরিচয় পাওয়া কয়েকজনের কর্মকাণ্ডে কি প্রশ্নের মুখে পড়ছে বিজেপির ভাবমূর্তি? সংগঠনের কর্মসূচিতে দাঁড়িয়ে এমনই একাধিক বিষয় নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে এল দলের পতাকা, রাজনৈতিক পরিচয় এবং সংগঠনের মর্যাদা রক্ষার প্রসঙ্গ। একই সঙ্গে কর্মীদের জানিয়ে দিলেন, অন্যায় দেখেও চুপ করে থাকলে চলবে না।
শুক্রবার ১৩ নভেম্বর দমদমে বিজেপির একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেন শমীক ভট্টাচার্য। সেখান থেকেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন তিনি। তাঁর স্পষ্ট নির্দেশ, কোনও ব্যক্তি বিজেপির নাম বা দলের পতাকা ব্যবহার করে অরাজকতা তৈরি করলে, তা চিহ্নিত করতে হবে। প্রয়োজনই তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করার কথাও বলেন রাজ্য সভাপতি।
শমীকের বক্তব্য, "অরাজকতা চলতে দেওয়া যাবে না। একদম চিহ্নিত করুন। দলের রং কে, পতাকাকে যারা কলুষিত করতে চাইছে তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন।" শুধু মৌখিক প্রতিবাদ নয়, এক্ষেত্রে আইনি পদক্ষেপের পথেও হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, দলের পরিচয় ব্যবহার করে কেউ যদি কোনও অনৈতিক কাজ করে তার দায় সংগঠন নেবে না।
এখানেই থেমে থাকেননি শমীক। কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমাকে কাগজ দেবেন, আমি ঢুকিয়ে দেবো।" অর্থাৎ দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম বা অশান্তিতে জড়ালে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত রাজ্য নেতৃত্ব।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বিজেপিতে নতুন যোগদানকারীদের ভূমিকা এবং সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, এই বার্তাই প্রতিফলন দেখা যাচ্ছে। রাতারাতি দলবদল করে বিজেপির পতাকা হাতে নেওয়া ব্যক্তিদের নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন শমীক। সবমিলিয়ে দমদমের মঞ্চ থেকে তাঁর বার্তা স্পষ্ট, দলের পতাকা হাতে থাকলেই কোনও বেআইনি কাজের ছাড়পত্র পাওয়া যাবে না। সংগঠনের ভাবমূর্তি নষ্ট করলে এবার আইনি পদক্ষেপের মুখেও পড়তে হতে পারে।




