পুরভোটের আগে প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে একের পর এক আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি, কোথাও আবার সীমানা নির্ধারণের পদ্ধতি নিয়ে আপত্তি। কলকাতার পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ পুরসভাকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। এই পরিস্থিতিতে পুরভোটের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
কলকাতা পুরসভার পর এবার হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্ববিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন কাউন্সিলর ও মেয়র পরিষদ তথা সিপিএম নেতা ইমতিয়াজ আহমেদ। তাঁর অভিযোগ, হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে একাধিক আইনের ত্রুটি রয়েছে। পাশাপাশি ওয়ার্ড গুলির জনসংখ্যা বিন্যাসেও রয়েছে গুরুতর অসঙ্গতি।
মামলাকারীদের দাবি, হাওড়া পুরনিগম আইনের ২১৯ নম্বর ধারা অনুযায়ী, নির্বাচিত কর্পোরেশনের সুপারিশ ছাড়া ওয়ার্ডের তালিকা পরিবর্তন করা যায় না। অথচ দীর্ঘদিন ধরে হাওড়া পুরনিগম এ নির্বাচিত বোর্ড নেই। প্রশাসকের অধীনেই চলছে পুরসভার কাজকর্ম। এই পরিস্থিতিতে কিভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, হাওড়া পুরনিগমের আগে ওয়ার্ডের সংখ্যা ছিল ৫০। বর্তমানে তা বাড়িয়ে ৬৮ করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, এই সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে নির্ধারিত আইনি পদ্ধতি মানা হয়নি। পাশাপাশি জনসংখ্যার ভারসাম্যও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন যাতে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করতে না পারে সেই আবেদনও জানিয়েছেন তিনি।
আগামী সপ্তাহের মঙ্গলবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এর আগে কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়েও হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলায় পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবার হাওড়ার ডিলিমিটেশন প্রক্রিয়াও আদালতের বিচারাধীন হওয়ায় পুরভোটের প্রস্তুতি আরও জটিল হতে পারে। ফলে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের।




