শনিবার সকাল থেকে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মোড়ে চোখে পড়ল অন্যরকম ব্যস্ততা। পথ চলতি মানুষ থেকে শুরু করে ছোট বড়, সকলের মধ্যেই দেখা গেল বাড়তি উৎসাহ। এখানে পৌঁছতেই হাতে মিলছে, মিষ্টি উপহার। কাউকে ফিরতে হচ্ছে না খালি হাতে। তবে কোন রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রচার নয়, বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ ঐতিহ্যকে ঘিরে এই অভিনব উদ্যোগ।
১৪ নভেম্বর বিশ্ব রসগোল্লা দিবস উপলক্ষে শিলিগুড়ি সেবক মোড়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো প্রায় কুড়ি হাজার রসগোল্লা। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উৎসবের আমেজ তৈরি হয় এলাকায়। বিভিন্ন বয়সের মানুষ এই মিষ্টিমুখের আয়োজনে অংশ নেন। রসগোল্লা হাতে পেয়ে খুশি হন পথ চলতি সাধারণ মানুষও।
কিন্তু, কেন ১৪ নভেম্বর পালন করা হয় বিশ্ব রসগোল্লা দিবস? এর পিছনে রয়েছে বাংলার মিষ্টির ঐতিহ্য এবং পরিচয় প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ ইতিহাস। ২০১৭ সালে বাংলার রসগোল্লার স্বতন্ত্র পরিচয় নিয়ে পশ্চিমবঙ্গ ওড়িশার মধ্যে দীর্ঘ বিতর্কের অবসান ঘটে। ওই বছরই বাংলার রসগোল্লা জিওগ্রাফিকাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতি লাভ করে। এই স্বীকৃতির মাধ্যমে বাংলার রসগোল্লা নিজস্ব ভৌগলিক পরিচয় পায়।
সেই ঐতিহাসিক স্বীকৃতিকে স্মরণ করতেই প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব রসগোল্লা দিবস উদযাপন করা হয়। বাংলার মিষ্টির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং রসগোল্লার জনপ্রিয়তাকে আরও ছড়িয়ে দেওয়ায় এই উদযাপনের অন্যতম উদ্দেশ্য।
পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু শিলিগুড়ি নয়, বিশ্ব রসগোল্লা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলাতেও একই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্য দিয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে উদযাপন করায় এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সব মিলিয়ে এদিন শিলিগুড়ির সেবক মোড় যেন পরিণত হয়েছিল এক মিষ্টি মুখর উৎসবের ঠিকানায়। কুড়ি হাজার রসগোল্লার মাধ্যমে বাঙালির মিষ্টিপ্রীতি ও ঐতিহ্যের উদযাপনে শামিল হলেন শহরের অসংখ্য মানুষ।




