রাতের অন্ধকারে সমুদ্রের বুকে আচমকায় ঘটে গেল বিপত্তি। মাছ ধরে ফেরার পথে কয়েকজন মৎস্যজীবীর যাত্রা যে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে, তা কল্পনাও করতে পারেননি কেউ। মুহূর্তের মধ্যেই তলিয়ে গেল একটি ছোট্ট জলযান। প্রাণ বাঁচাতে শুরু হয় হাহাকার। অন্য ট্রলারের মৎস্যজীবীদের তৎপরতায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও কাটেনি একজন নিখোঁজকে ঘিরে উদ্বেগ। তাঁর খোঁজে উদ্বেগের প্রহর গুনছে পরিবার ও স্থানীয় মানুষজন।
দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরে দুটি মৎস্যজীবী জলযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে রায়দিঘী থেকে মাছ ধরে ফিরছিল 'মালিকের দান' নামে একটি মৎস্যজীবী ট্রলার। অন্যদিকে, কুলতলী থেকে মাছ ধরতে গিয়েছিল একটি ছোট্ট মৎস্যজীবী ভটভটি। ফেরার পথে কেঁদো দ্বীপের কাছে বিদ্যা চড়ায় ঢোকার মুখে আচমকায় মুখোমুখি ধাক্কা লাগে দুই জলযানের।
সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, চারজন মৎস্যজীবী সহ ছোট্ট ভটভটিটি সমুদ্রে ডুবে যায়। আচমকা এই বিপর্যয়ে জলযানটিতে থাকা মৎস্যজীবীরা গভীর বিপদের মুখে পড়েন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে মাছ ধরতে থাকা অন্যান্য ট্রলার গুলি উদ্ধার কাজে এগিয়ে আসে। সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুরু হয় বিপন্ন মৎস্যজীবীদের উদ্ধারের চেষ্টা।
অন্যান্য ট্রলারের মৎস্যজীবীদের তৎপরতায় শেষ পর্যন্ত চার জনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন মৎস্যজীবীর এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ছোট ভটভটিটিরও কোনও হদিস মেলেনি। ফলে নিখোঁজ মৎস্যজীবীকে ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। তাঁর পরিবারের সদস্যদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই রায়দিঘি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে মেরিন এবং নেভাল কোস্ট গার্ডের দফতরে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীকে খুঁজে বের করা এবং ডুবে যাওয়া ভটভটির সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার অভিযানের আবেদন জানানো হয়েছে। সমুদ্রে উদ্ধারকারী দলের তৎপরতার দিকেই এখন তাকিয়ে রয়েছেন মৎস্যজীবী ও নিখোঁজ এর পরিজনেরা। তবে কিভাবে এই সংঘর্ষ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।




