নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার দৌড় কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তারই মর্মান্তিক উদাহরণ পাকিস্তানের এই ঘটনা। বুধবার, 11 নভেম্বর লাহোরের কাহনা এলাকার একটি বেসরকারি ফার্মহাউসে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, সেখানে বন্যপ্রাণী প্রজননের একটি কেন্দ্র ছিল। ওই ফার্মহাউসেই রাখা হয়েছিল বাঘিনীটিকে। টিকটক ভিডিও তৈরির জন্য সেখানে হাজির হয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর নৌমান হাসান। তাঁর অনুরোধেই খাঁচা থেকে বাঘিনীকে বাইরে আনা হয়েছিল বলে অভিযোগ। এর পরেই ঘটে বিপত্তি। ভিডিওর শুটিং চলাকালীন আচমকাই বাঘিনীটি আক্রমণ করে ফার্মহাউসের 19 বছরের কর্মী তালহাকে। হিংস্র প্রাণীটির হামলায় গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তরুণের।
https://x.com/afriktimesint/status/2121278740193759289?a=oYMM8y-csnWwDl6hOTA&s=20
ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা?
ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশি তদন্তে অভিযোগ, প্রথমে তালহার মৃত্যুর কারণ হিসেবে কুকুরের আক্রমণের কথা বলা হয়েছিল। কিন্তু তদন্তে জানা যায়, কুকুর নয়, বাঘিনীর হামলাতেই মৃত্যু হয়েছে ওই তরুণের। লাহোর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ফার্মহাউসের মালিক ফৈয়াজ এবং কনটেন্ট ক্রিয়েটর নৌমান হাসানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ করে বাঘিনীটিকে খাঁচা থেকে বের করার সিদ্ধান্ত কে নিয়েছিলেন, সেই সময় কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা ছিল এবং ফার্মহাউস কর্তৃপক্ষের কাছে বন্যপ্রাণী রাখার প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত বাঘিনীটিকে নিজেদের হেফাজতে নিয়েছে বন্যপ্রাণী দফতর। ফার্মহাউসের লাইসেন্স এবং নিরাপত্তাবিধি মেনে চলা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।
বিপজ্জনক প্রাণীদের সঙ্গে ভিডিও তৈরির পুরনো নেশা
নৌমান হাসানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বাঘ, চিতাবাঘ-সহ বিভিন্ন হিংস্র প্রাণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও রয়েছে। একটি ভিডিওতে তাঁকে শিকল দিয়ে বাঁধা বাঘকে চুম্বন করার চেষ্টা করতে দেখা গিয়েছে। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করার সময় আচমকাই প্রাণীটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে আঁচড়ে দেয়।
এই ধরনের বিপজ্জনক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জনের প্রবণতা নতুন নয়। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বন্দি অবস্থায় জন্মানো বা মানুষের সংস্পর্শে বড় হওয়া বন্যপ্রাণীও স্বাভাবিক প্রবৃত্তি হারায় না। যে কোনও মুহূর্তে তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাই প্রশিক্ষিত কর্মী এবং যথাযথ নিরাপত্তা ছাড়া এ ধরনের প্রাণীর কাছাকাছি যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
পুলিশের কড়া বার্তা, বিনোদনের চেয়ে মানুষের জীবন বড়
ঘটনার পর লাহোর পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, টিকটক বা অন্য কোনও সামাজিক মাধ্যমের জন্য ভিডিও তৈরির নেশা কখনও মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। নিছক শখ কিংবা বিনোদনের নামে কারও জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার অধিকার কারও নেই। পাশাপাশি, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা এবং সম্ভাব্য গাফিলতির প্রতিটি দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
এই ঘটনা ফের একবার সামনে এনে দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রতিযোগিতার অন্ধকার দিক। কয়েক সেকেন্ডের একটি ভিডিও, কিছু অতিরিক্ত ভিউ কিংবা অনলাইন জনপ্রিয়তার জন্য কতটা ভয়াবহ ঝুঁকি নেওয়া হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। লাইক, শেয়ার আর ফলোয়ারের সংখ্যার দৌড়ে মানুষের নিরাপত্তাই যদি উপেক্ষিত হয়, তবে তার পরিণতি যে কতটা মর্মান্তিক হতে পারে, তালহার মৃত্যু তারই নির্মম উদাহরণ।




