বিষ্ণুপুর: রেশমি ব্যানার্জি: স্বামী নিখোঁজ। থানায় ছুটে গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। তারপর তদন্তে নেমে যা উদ্ধার হল তাতে কার্যত শিউরে উঠলো বিষ্ণুপুর। দক্ষিণ ২৪ পরগনার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগের তদন্তে নেমে চাঞ্চল্যকর খুনের কিনারা পেল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ।
বিষ্ণুপুরের লটিহীড় জঙ্গল থেকে উদ্ধার হল রামপ্রসাদ অধিকারী নামে ওই ব্যবসায়ীর আধপোড়া মৃতদেহ। পুলিশের প্রাথমিক হনুমান, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। আরও এক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা রামপ্রসাদ অধিকারী গাড়ি ভাড়া করে বাঁকুড়ার জয়পুরের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দা বংশী অধিকারী এবং পরিবারের পরিচিত গাড়ি চালক চিরঞ্জিত অধিকারী। কিন্তু রাত বাড়তেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ বন্ধ হয়ে যায় রামপ্রসাদের মোবাইল ফোন। তাঁর স্ত্রী ডলি অধিকারী সোমবার দিনভর স্বামীর খোঁজে বাঁকুড়ার বিষ্ণুপুর ও জয়পুর এলাকায় ঘুরে বেড়ান। শেষপর্যন্ত বিষ্ণুপুর থানায় স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের শুরুতে গাড়িচালক চিরঞ্জিত অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের সামনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর বিষ্ণুপুরের লটিহীড় জঙ্গলে তল্লাশি চালিয়ে আধপোড়া দেহ উদ্ধার করে তদন্তকারীরা। পুলিশের দাবি, রামপ্রসাদকে খুন করার পর তার দেহ জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তারপর পেট্রোল ঢেলে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এই ঘটনায় চিরঞ্জিত অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বংশী অধিকারীও এই খুনের সঙ্গে যুক্ত। তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কেন ব্যবসায়ীকে এভাবে খুন করা হল, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
পুলিশের প্রাথমিক অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত কোনও বিবাদ থেকেই এই নৃশংস হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে, খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই তদন্তে রিপোর্ট সামনে আসলে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে।
স্বামীকে হারিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডলি অধিকারী। তদন্তে যেভাবে অপহরণের আড়ালে খুনের রহস্য সামনে এল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরে।