কলকাতা, পিউ নন্দী: দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পে স্বচ্ছতা ফেরাতে সরাসরি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ফেডারেশনের আওতাধীন ২৬টি গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত এক বিশেষ বৈঠকের পর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ঘোষণা আসে।
বৈঠকে স্থির হয়েছে, নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালন সমিতি গঠিত হবে এবং প্রকৃত কর্মীদের চিহ্নিত করে নতুন গিল্ড কার্ড দেওয়া হবে। এই বৈধ কার্ড ছাড়া ভবিষ্যতে স্টুডিওপাড়ায় কাজ করার সুযোগ মিলবে না। গোটা ভোট প্রক্রিয়ায় কড়া নজরদারির আশ্বাস দিয়ে মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দেন, ইন্ডাস্ট্রির ভেতরের যাবতীয় অনিয়ম ও আবর্জনা কঠোর হাতে সাফ করা হবে।
নির্বাচন যাতে সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সেজন্য সরকারি পর্যবেক্ষক রাখার দাবি তুলেছেন ম্যানেজার্স গিল্ডের প্রতিনিধি নিরুপম দে। অন্যদিকে প্রযোজক-অভিনেতা জিৎ জানান, মিঠুন চক্রবর্তীর নেতৃত্বেই সার্বিক সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে ইম্পার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
মেকআপ গিল্ডের আগের নেতৃত্বের বিরুদ্ধে তোলা আর্থিক বেনিয়মের অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও অর্থ ফেরতের প্রসঙ্গও এদিনের বৈঠকে গুরুত্ব পায়। বৈঠক শেষে অভিনেতা রুদ্রনীল ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায় জানান, মন্ত্রী পূর্ণিমার উপস্থিতিতে টেকনিশিয়ানদের কাজের পরিবেশ ফেরাতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে, ভুয়ো সদস্যপদ ও কার্ড নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েন মুছে স্বচ্ছ ব্যালটের মাধ্যমেই টলিউডকে নতুন দিশা দেখাতে চাইছে স্টুডিওপাড়া।