নিউজ ডেস্ক: নিউটাউনে গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ফের তদন্তে গতি বাড়াল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। পাঁচ কোটি টাকা উদ্ধারের পুরনো মামলার সূত্র ধরেই এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি।
সূত্রের খবর, ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি এসইউভি গাড়ি আটক করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় পাঁচ কোটি টাকা নগদ। এই ঘটনায় আক্রাম খান ও ইমরান খান নামে দু'জনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃত দু'জন টুলু মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী তথা ম্যানেজার হিসেবে কাজ করতেন।




