কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায় পুরসভা ও পুলিশ। এই ঘটনাকে ঘিরে ক্রমশই উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। এই অভিযানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভবনে থেকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা সাইনবোর্ড সরিয়ে দেয় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ, বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতা পুরসভার তরফে একটি ‘অবৈধ’ নোটিস নিয়ে পুলিশ আসে। এই ঘটনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি।
তাঁর দাবি, নোটিসে কোনও স্বাক্ষর ছিল না, এমনকি যে ছবির কথা উল্লেখ করা হয়েছিল, সেটিও সেখানে ছিল না। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় পুলিশ ও পুরসভার কর্মীদের। এরপর এক প্রকার জোর করেই তাঁরা ভবনে প্রবেশ করেন বলেও অভিযোগ করেছেন ডেরেক ও’ব্রায়েন। ১৫০-র বেশি পুলিশকর্মী ভবনে ঢুকে পড়েন এবং সিঁড়িতে তাঁদের ধাক্কাধাক্কি করা হয়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
২৮ আগষ্ট রয়েছে তৃণমূলের ছাত্র সংগঠনের বার্ষিক সমাবেশ। তার ঠিক আগের দিন এই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ ডেরেকের। তাঁর দাবি, গোটা ঘটনার নেপথ্যে বিজেপি এবং বিজেপির ‘বি-টিম’ রয়েছে। অভিযানের সময় তৃণমূলের ১০ থেকে ১৫ জন কর্মীকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেছেন ডেরেক। ঘটনার পর থেকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত শহর কলকাতা। ফেসবুক লাইভ করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।