নদিয়া, নিউজ ডেস্ক: স্ত্রীর সাধের আনন্দঘন মুহূর্ত নিমেষেই ঢেকে গেল বিষাদে। পারিবারিক অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই নদিয়ার শান্তিপুরে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন পেশায় বিজ্ঞাপনী কর্মী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাগর বিশ্বাস। বৃহস্পতিবার সাতসকালে নৃসিংহপুর ফেরিঘাটে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার শান্তিপুরের নীলকুঠি এলাকায় সাগরের শ্বশুরবাড়িতে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর সাধভক্ষণের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান নির্বিঘ্নে মিটে যাওয়ার পর রাতে সাগর তাঁর ভায়রাভাই অজয় হালদারকে সঙ্গে নিয়ে বাইকে করে বাইরে বের হন।
অজয়ের দাবি, সারা রাত ধরে তাঁরা দু’জনে শান্তিপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। সেই সময় গভীর রাতে সাগরের মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তির সঙ্গে প্রায় এক ঘণ্টা তীব্র তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সাগর। এর পরই প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করেন ওই যুবক।
ভোরের আলো ফুটতেই চা খাওয়ার অজুহাতে দু’জনে নৃসিংহপুর ফেরিঘাটে পৌঁছান। বাইক থামতেই অজয় কিছু বুঝে ওঠার আগেই ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ভেসেলে দৌড়ে উঠে সটান গঙ্গায় ঝাঁপ দেন সাগর। চোখের সামনে এই দৃশ্য দেখে কালবিলম্ব না করে জলে ঝাঁপিয়ে পড়েন অজয়ও।
সাঁতরে সাগরের জামার কলার আঁকড়ে ধরলেও শেষরক্ষা হয়নি, সাগর সজোরে নিজেকে ছাড়িয়ে নিলে হাত ফসকে চোখের পলকে গভীর জলে তলিয়ে যান তিনি। অজয়ের চিৎকারে ঘাটের কর্মী ও মাঝিরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও দুই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ ইনফ্লুয়েন্সারের সন্ধানে নদীতে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।