বিশেষ প্রতিবেদন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের হাত ধরে বদলে যাচ্ছে কর্মজগতের পরিচিত ছবি। যে কাজ করতে একসময় একাধিক কর্মীর প্রয়োজন হত, এখন তা কয়েক মুহূর্তেই করে ফেলছে এআই। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা এবং আইনজীবীদের পেশায় ক্রমশ বাড়ছে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার। সংস্থাগুলির কাছে এতে খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হলেও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে তৈরি হচ্ছে নতুন উদ্বেগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনকার প্রবেশস্তরের চাকরি বা এন্ট্রি লেভেলের পদগুলি এআইয়ের হাতে চলে গেলে আগামী দিনে দক্ষ কর্মী, বিশেষজ্ঞ এবং নেতৃত্ব দেওয়ার মতো মানুষের অভাব দেখা দিতে পারে।
দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের একটি পরিচিত পদ্ধতি ছিল শিক্ষানবিশি। নতুন কর্মীরা অভিজ্ঞদের সঙ্গে কাজ করতে করতে ধীরে ধীরে পেশাগত দক্ষতা অর্জন করতেন। প্রথমে ছোটখাটো দায়িত্ব, তার পর জটিল কাজ এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হত তাঁদের মধ্যে। কিন্তু এআই সেই প্রাথমিক কাজগুলির বড় অংশ দখল করে নেওয়ায় নতুন প্রজন্মের কর্মীদের শেখার সুযোগ ক্রমশ কমছে।
শিক্ষানবিশি ছাড়া তৈরি হবে কী ভাবে ভবিষ্যতের বিশেষজ্ঞ?
সফটওয়্যার তৈরি, আর্থিক পরিষেবা এবং আইনি পেশার মতো ক্ষেত্রে এআইয়ের প্রভাব বিশেষ ভাবে লক্ষ করা যাচ্ছে। এই পেশাগুলিতে তথ্য বিশ্লেষণ, নথি তৈরি, সাধারণ কোডিং এবং নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়ার মতো কাজগুলি সহজেই স্বয়ংক্রিয় করা সম্ভব। ফলে সংস্থাগুলি নতুন কর্মী নিয়োগের পরিবর্তে এআইয়ের সাহায্য নিতে বেশি আগ্রহী হচ্ছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই সংক্রান্ত গবেষণায় তরুণ সফটওয়্যার ডেভেলপারদের কর্মসংস্থানের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের পর ২২-২৫ বছর বয়সি সফটওয়্যার ডেভেলপারদের কর্মসংস্থান প্রায় ২০ শতাংশ কমেছে। অন্যদিকে, অভিজ্ঞ কর্মীদের সংখ্যা বেড়েছে। এই পরিসংখ্যান ভবিষ্যতের কর্মবাজার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে। কারণ, আজ যাঁরা নতুন কর্মী হিসেবে কোনও সংস্থায় যোগ দেবেন, তাঁরাই আগামী দিনে অভিজ্ঞ কর্মী এবং নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। কিন্তু তাঁদের কাজ শেখার প্রাথমিক সুযোগই যদি না থাকে, তা হলে ভবিষ্যতে দক্ষ কর্মী তৈরি হবে কী ভাবে?
অটোমেশনের বিপদ বুঝিয়েছিল এয়ার ফ্রান্সের দুর্ঘটনাও
প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতার বিপদ বোঝাতে বিশেষজ্ঞরা ২০০৯ সালের এয়ার ফ্রান্সের ৪৪৭ নম্বর বিমানের দুর্ঘটনার উদাহরণ টেনেছেন। আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়া ওই বিমানে থাকা ২২৭ জনের মৃত্যু হয়েছিল। তদন্তে উঠে এসেছিল, ককপিটে স্বয়ংক্রিয় ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা পাইলটদের কিছু জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতাকে প্রভাবিত করে থাকতে পারে।
মনোবিদ লিসান বেইনব্রিজের ১৯৮৩ সালের ‘আয়রনিজ অব অটোমেশন’ গবেষণাতেও এই সমস্যার কথা বলা হয়েছিল। তাঁর বক্তব্য ছিল, সাধারণ পরিস্থিতিতে যন্ত্রের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া হলেও সংকটের মুহূর্তে শেষ পর্যন্ত মানুষেরই হস্তক্ষেপ প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘদিন হাতে-কলমে কাজের অভিজ্ঞতা না থাকলে সেই সংকট চিহ্নিত করা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তৈরি হয় না।
সংস্থার স্বল্পমেয়াদি লাভ, দীর্ঘমেয়াদি ক্ষতি
এখানেই তৈরি হচ্ছে ‘ট্র্যাজেডি অব দ্য কমনস’ বা সাধারণ সম্পদের বিপর্যয়ের পরিস্থিতি। প্রত্যেকটি সংস্থা আলাদা করে নিজেদের খরচ কমানোর জন্য এআইয়ের উপর নির্ভর করছে। কিন্তু সব সংস্থা একই পথে হাঁটলে সামগ্রিক ভাবে ভবিষ্যতের দক্ষ কর্মী তৈরির প্রক্রিয়াটিই দুর্বল হয়ে পড়বে।
অর্থাৎ, একটি সংস্থা আজ নতুন কর্মী নিয়োগ না করে লাভবান হতে পারে। কিন্তু আগামী দিনে যখন অভিজ্ঞ কর্মীরা অবসর নেবেন, তখন তাঁদের জায়গা নেওয়ার মতো দক্ষ কর্মী পাওয়া কঠিন হয়ে উঠবে। এই সমস্যা কোনও একটি সংস্থার নয়, গোটা কর্মবাজারের।
কী ভাবে সামলানো সম্ভব এই সংকট?
বিশেষজ্ঞদের মতে, সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলিকে একসঙ্গে এই সমস্যা মোকাবিলায় উদ্যোগী হতে হবে। শুধু প্রযুক্তিগত প্রশিক্ষণ নয়, বাস্তব কর্মক্ষেত্রে কাজ শেখার সুযোগও বাড়াতে হবে। সিঙ্গাপুরের ‘স্কিলস ফিউচার’ প্রকল্প এবং আমেরিকার শ্রম দফতরের এআই-ভিত্তিক শিক্ষানবিশি কর্মসূচির মতো উদ্যোগ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। জার্মানির দ্বৈত বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার আদলেও প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভারতের মতো দেশে উচ্চশিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি। বিশেষ করে বিজনেস স্কুলগুলিতে শুধুমাত্র শ্রেণিকক্ষের পড়াশোনার পরিবর্তে বাস্তব প্রকল্পে কাজ করার সুযোগ বাড়াতে হবে। বস্টন কনসাল্টিং গ্রুপের ২০২৬ সালের একটি সমীক্ষায় ১৪টি দেশের ১২ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ৭২ শতাংশ নিয়মিত এআই ব্যবহারের কথা জানিয়েছেন।
৬১ শতাংশের ধারণা, আগামী তিন বছরে তাঁদের কাজের অন্তত অর্ধেক এআইয়ের মাধ্যমে করা সম্ভব হবে। তবে প্রযুক্তির অগ্রগতি মানেই মানুষের কাজের অবসান নয়। বরং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন এবং অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ বজায় রাখাই ভবিষ্যতের কর্মবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।




