রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহের নামে ভুয়ো শংসাপত্র তৈরি করে প্রতারণার অভিযোগ! ইছাপুরের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা হল সোমনাথ দাস ও রোমান দাস।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ধৃতরা এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে মন্ত্রীর নামে জাল শংসাপত্র তৈরি করে দিচ্ছিলেন বলে খবর। সম্প্রতি এক ব্যক্তি ওই শংসাপত্র সরকারি দফতরে জমা দিয়েছিলেন। নথির সত্যতা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা যাচাই করে দেখেন,সেটি ভুয়ো। বিষয়টি জানার পরে ওই ব্যক্তি নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সোমনাথ এবং রোমান গ্রেফতার হয়েছেন।
পুলিশের প্রাথমিক অনুমান, এই জালিয়াতির পিছনে বড় কোনও চক্র থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে জাল শংসাপত্র তৈরি করা হত এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত,তা জানার চেষ্টা করছে পুলিশ।
বিজেপির নোয়াপাড়া-২ মণ্ডল সভাপতি সুপ্রিয় দে জানিয়েছেন, বিষয়টি মন্ত্রী অর্জুন সিংহের নজরেও আনা হয়েছে। তাঁর দাবি,মন্ত্রী প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নথি জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ধৃত দু’জনকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। জাল শংসাপত্র তৈরির উৎস এবং গোটা চক্রের হদিশ পেতে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও আদালতে ঢোকার সময় ধৃতদের দাবি,তাঁদের ফাঁসানো হয়েছে।