পশ্চিম মেদিনীপুর জুড়ে টানা ভারী বৃষ্টির জেরে ফের বন্যার আশঙ্কা ঘনাচ্ছে ঘাটালে। গভীর নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিতে নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। আর তাতেই উদ্বেগ বাড়ছে ঘাটালবাসীর।
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনও ঝুঁকি নিতে নারাজ মহকুমা প্রশাসন। নদীর জল বাড়তেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু হয়েছে।
ইতিমধ্যেই টানা বৃষ্টিতে ঘাটালের মনসুকাতে ফুঁসতে শুরু করেছে বুড়ি নদী। জলের তোড়ে নদীর উপর থাকা দুটি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। ফলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাধ্য হয়ে নৌকাতেই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধির ফলে প্রতি বছরই ঘাটাল শহর ও বিস্তীর্ণ গ্রামীণ এলাকা প্লাবিত হয়। জলের তলায় চলে যায় রাস্তা, ঘরবাড়ি ও কৃষিজমি। বহু মানুষ গৃহবন্দি হয়ে পড়েন এবং ভরসা থাকে নৌকা বা ডিঙির উপর। সেই পুরনো অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, নদীবাঁধ, ত্রাণশিবির, উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে এবং নদীর জল আরও বাড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।




