কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম বড় আকারে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। ভালোবাসা, ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও জাতীয়তাবোধের বন্ধনকে আরও সুদৃঢ় করতে শুক্রবার বাংলাজুড়ে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে রাজ্য প্রশাসন।
উৎসবের মূল রাজ্যস্তরের অনুষ্ঠানটি হবে শুক্রবার সকাল দশটায় কলকাতার নজরুল মঞ্চে। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিতিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নজরুল মঞ্চ ছাড়াও যাদবপুরের একটি রাখিবন্ধন অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। উৎসবকে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে সরকারের তরফে মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রাজ্যজুড়ে সরবরাহ করা হচ্ছে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি, যার পেছনে খরচ ধরা হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। গ্রামীণ এলাকাকে বাড়তি গুরুত্ব দিয়ে রাজ্যের ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতের জন্য সর্বাধিক ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা এবং ৩৪৫টি ব্লকের জন্য ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা নির্দিষ্ট করা হয়েছে।
একইভাবে পুর এলাকা ও প্রশাসনিক স্তরেও সুনির্দিষ্ট আর্থিক বণ্টন করা হয়েছে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য ২৮ লক্ষ ৮০ হাজার টাকা, রাজ্যের ১২১টি পুরসভার জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা এবং ছ’টি পুরনিগমের জন্য ৬ লক্ষ টাকা ধার্য হয়েছে।
এছাড়া ২২টি জেলা সদর দফতরে ২২ লক্ষ, ৪৫ টি মহকুমায় ১১ লক্ষ ২৫ হাজার এবং জিটিএ ও কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় অনুষ্ঠানের জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্র উৎসবের আবহ তৈরি করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।