পাটনা, নিউজ ডেস্ক: সরকারি চাকরির নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পথে নামলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। ৭০ তম বিহার পাবলিক সার্ভিস কমিশন বা BPSC পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল পাঠনা। গান্ধী ময়দান থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের বিশাল মিছিল মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে জলকামান ও লাঠিচার্জের সহায়তা নেয় পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে পাটনার গান্ধী ময়দানে জমায়েত হতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা একসঙ্গে মিছিল শুরু করেন। তাঁদের মূল দাবি, ৭০ তম BPSC পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ভাবে নতুন পরীক্ষা নিতে হবে। মিছিল যত এগোতে থাকে, ততই বাড়তে থাকে উত্তেজনা। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে। কিন্তু অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এরপর, পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যে মিছিলের এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পাশাপাশি ব্যবহার করা হয় জলকামান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় কোনও ধরনের অনিয়ম বা অসংগতি তাঁরা মেনে নেবেন না। তাঁদের দাবি, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত। সেই দাবিতে এদিন তাঁরা পথে নেমেছেন।
এদিকে, বিহারে সরকারি চাকরির পরীক্ষা ঘিরে নতুন করে তৈরি হওয়ায় এই বিক্ষোভের আঁচ ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলেও পড়তে শুরু করেছে। একইসঙ্গে, বিক্ষোভকারীদের আটক এবং পুলিশের লাঠিচার্জ ও জলকামানের ব্যবহারের ঘটনায় উত্তেজনা আরও বাড়িতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন প্রশ্ন, চাকরিপ্রার্থীদের দাবি কি মেনে নেবে প্রশাসন, নাকি আরও বড় আন্দোলনের পথে যাবেন তাঁরা?