কলকাতা, নিউজ ডেস্ক: প্রতিশ্রুতি দিতেন বাংলা সিনেমার প্রযোজক বানিয়ে দেওয়ার। সবার সামনে উপস্থাপন করতেন নিজেকে অভিনেতা এবং পরিচালক বলে। আর এই পরিচয় দিয়েই প্রতারণা করেছিলেন ৮০ লক্ষ টাকা! ধুরন্ধর ছদ্মবেশী এই প্রতারক ব্যক্তির নাম ওয়াসিম আখতার। রবিবার রাতে কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে। তাকে পাকড়াও করে মালদা জেলার রতুয়া থানার পুলিশ।
মালদার চাঁচল মহকুমার পুখুরিয়া থানার রাজাপুর এলাকার বাসিন্দা ওয়াসিম আখতার। তিনি টলিউডের পরিচালক ও অভিনেতা পরিচয় দিয়ে প্রতারণা করেন রতুয়া'র কারবোনা এলাকার বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। আজহারউদ্দিনের স্ত্রী হাসিনা পারভিন এই ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ সূত্রে খবর, কিছু বছর আগে একটি পার্টিতে আজহারউদ্দিন এবং ওয়াসিমের জানাশোনা হয়। ধীরে ধীরে দুই পক্ষের মেলামেশাও বাড়ে।
হাসিনা অভিযোগ করেন বাংলা সিনেমা তৈরির কথা বলে ওয়াসিম প্রায় ৮০ লক্ষ টাকা নেন। ২০২২ সালে টাকা নেওয়ার সময়ে ওয়াসিম প্রতিশ্রুতি দেন আজহারউদ্দিন সিনেমার প্রযোজক হিসাবে থাকবেন। সেই অনুযায়ী সমস্ত প্রক্রিয়া চলেছিল। ২০২৩ সালের প্রথমদিকে 'কালিয়াচক চ্যাপ্টার ওয়ান' নামে একটি বাংলা সিনেমার শুটিং হয়। প্রযোজকের দায়িত্ব পান আজহারউদ্দিন। ওয়াসিম ছিলেন সিনেমাটির পরিচালক এবং মুখ্য অভিনেতা। শুটিং শেষে আজহারউদ্দিনকে প্রযোজকের দায়িত্ব থেকে সরানো হয়। এই মর্মে অভিযোগ করা হয়েছে।
রতুয়া থানা সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওয়াসিম আখতারের খোঁজ প্রায় ৮ মাস ধরে চলছিল। কিন্তু ওয়াসিম নানা জায়গায় ডেরা বদলে বদলে পালিয়ে বেড়াচ্ছিলেন। টালিগঞ্জের একটি গোপন আস্তানা থেকে ওয়াসিমকে রবিবার রাতে পাকড়াও করা হয়। সোমবার ওয়াসিমকে চাঁচোল মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত ওয়াসিমের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছেন অভিযোগকারীনি। রতুয়া থানা সূত্রে জানা গিয়েছে কেউ জড়িত কিনা এ সম্বন্ধে তদন্ত চলছে।