টানা বর্ষণে জলমগ্ন আলিপুরদুয়ার। বন্যার পরিস্থিতিতে ক্রমাগত এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ভুটান থেকে নেমে আসা নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে। শনিবার হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছে একটি অস্থায়ী সেতু। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর দিয়েও বইছে নদীর জল, যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, জলের স্রোত বেশি থাকার কারনে অস্থায়ী সেতুটি ভেঙে যায়। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নদীর দুই পাড়ের মানুষের। জরুরি প্রয়োজনে বিকল্প রাস্তার উপর নির্ভর করতে হচ্ছে, যা অনেকটাই দীর্ঘ।
রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে থাকায় প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকি এড়াতে কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক ব্যাবস্থা গ্ৰহন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সবকিছু পর্যবেক্ষণ করছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীর জলস্তর আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নদী পারাপারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।