কোচবিহার, রেশমি ব্যানার্জি: সিম কার্ড পাচার ও জাল নোট কাণ্ডের তদন্তে নয়া মোড়। কোচবিহারের ধৃত তিনজনের সঙ্গে যোগসূত্রের অভিযোগে ইসলামপুর থেকে গ্রেফতার করা হয় ফজলে রাব্বিকে। তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও উঠেছে। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত ফজলে রাব্বি তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। দীর্ঘ প্রায় আট ঘন্টা ধরে ফজলে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই তাকে গ্রেফতার করে তদন্তকারীরা। এরপর তাকে নিয়ে আসা হয় দিনহাটায়।
এইদিন তাকে দিনহাটা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ফজলে রাব্বিকে ৭ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশের পর তাঁকে দিনহাটা থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।
এই তদন্তের জাল ক্রমাগতই গুটিয়ে আনছে এসটিএফ। জাল নোট, সিম কার্ড পাচার এবং তথ্য পাচারের অভিযোগ এই তিন সূত্রকে সামনে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। কোচবিহারের ধৃত তিনজনের সঙ্গে ফজলে রাব্বির কি যোগাযোগ ছিল। কিভাবে তাদের পরিচয় হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনার সঙ্গে আরও কোনও চক্র জড়িয়ে রয়েছে কিনা সেদিকে ও নজর রয়েছে এসটিএফ এর। তদন্তকারীদের অনুমান, ফজলে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে এই সমস্ত জল্পনার অবসান ঘটবে। আর সেই কারণেই হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত ফজলে রাব্বিকে। এই ঘটনাকে ঘিরে এখন ব্যাপক চাঞ্চল্য ও ছড়িয়েছে। আগামী দিনে এই তদন্তের মোড় কোন দিকে যায় সেটাই দেখার।




